Yoga Day : দক্ষিণায়নের শুভক্ষণ ২১ জুন, মোদির প্রস্তাবে ১৭৭ দেশের সায়, কেন এই দিনেই যোগদিবস ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১৫,০০০ বছরেরও আগে হিমালয়ে আদিযোগী মহাদেব শিষ্যদের যোগশিক্ষা দিতেন। সেই প্রাচীন ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর প্রস্তাবে সায় দেয় ১৭৭টি দেশ। গ্রীষ্মের দীর্ঘতম দিন, দক্ষিণায়নের শুভক্ষণ ২১ জুনকেই বেছে নেওয়া হয় আন্তর্জাতিক যোগদিবস হিসেবে। যোগদিবস ২০২৬-এর থিম ‘যোগা ফর হেলদি এজিং’।
জিমের ট্রেন্ড আসার বহু আগে থেকেই ভারতে যোগব্যায়ামের চর্চা। ঘরের চার দেওয়ালের ভিতরেই, বিনা উপকরণে শরীর-মন সচল রাখার অসীম উপায় যোগ। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেন। যোগকে ভারতের অমূল্য উপহার বলে ব্যাখ্যা করেন। রাষ্ট্রসংঘের ইতিহাসে অন্যতম সর্বাধিক সমর্থিত প্রস্তাব এটি।
২০১৪ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করে। প্রথম উদযাপন ২১ জুন ২০১৫, দিল্লির রাজপথে। ৩৫,০০০-এর বেশি মানুষ ও ৮৪টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। দু’টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়: বিশ্বের বৃহত্তম যোগ ক্লাস এবং একসঙ্গে সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণ।
২১ জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন অয়ন, বছরের দীর্ঘতম দিন। সূর্যের আলো সবথেকে বেশি সময় থাকে। ভারতীয় আধ্যাত্মিকতায় বিশ্বাস, এরপর শুরু হয় দক্ষিণায়ন। দক্ষিণায়নকে আত্মবিশ্লেষণ, সাধনা ও আধ্যাত্মিক চর্চার জন্য শুভ সময় মনে করা হয়। যোগের উপকারিতা ছড়িয়ে দিতে তাই এই দিনটিকেই বেছে নেওয়া।
আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য যোগের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিয়মিত যোগাভ্যাসে উৎসাহিত করা। ২০২৬ সালের থিম ‘যোগা ফর হেলদি এজিং’, অর্থাৎ বার্ধক্যজনিত সমস্যা এড়াতে আগেভাগেই যোগাভ্যাসে অনুপ্রেরণা। মোদির প্রস্তাবে শুরু হওয়া ২১ জুন এখন গোটা বিশ্বে সুস্থ জীবনের প্রতীক।
