FIFA World Cup 2026 : ৯২ বছরের ধারা অটুট, পিছিয়ে পড়েও ভিনির জাদুতে মরক্কোর সঙ্গে ড্র ব্রাজিলের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউ জার্সি:- বিশ্বকাপে প্রথম ম্যাচে হার না মানার ৯২ বছরের ঐতিহ্য ধরে রাখল ব্রাজিল। ২০২৬ FIFA World Cup-এ নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করল সেলেকাওরা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ভিনিসিয়াস জুনিয়রের স্বপ্নের গোলে ম্যাচে ফেরে কার্লো আনচেলত্তির দল। ১৯৩৪ থেকে টানা ২১টি বিশ্বকাপে প্রথম ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখল ব্রাজিল।
খাতায়-কলমে ফর্মের বিচারে এগিয়ে ছিল মরক্কো। গত চার বছরে ফ্রেন্ডলি হোক বা টুর্নামেন্ট, আফ্রিকার দলটি নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ম্যাচের শুরু থেকেই সেটা বোঝা গেল। কিক অফ থেকেই ব্রাজিলের রক্ষণ অগোছালো। সেই সুযোগে দ্রুত পাস খেলে ব্রাজিলকে চাপে ফেলে দেন হাকিমিরা।
১৪ মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। ভিনিসিয়াসের বাড়ানো বলে ফাঁকায় হেড নেওয়ার সুযোগ পেয়েও বলের সঙ্গে ঠিকভাবে কানেক্ট করতে পারেননি ইগর থিয়াগো। এরপর ২১ মিনিটে এগিয়ে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজ়ের থ্রু বল ধরে মার্কিনহোস ও গ্যাব্রিয়েলের মাঝখান দিয়ে বেরিয়ে যান ইসমাইল সাইবারি। এগিয়ে আসা অ্যালিসনের মাথার উপর দিয়ে চিপ করে চলতি বলে নিখুঁত ফিনিশ করেন PSG-র স্ট্রাইকার।
গোল খেয়েও ম্যাচের রাশ নিতে পারছিল না ব্রাজিল। মরক্কোর গতির সামনে বারবার খেই হারাচ্ছিল সেলেকাওরা। তখনই ৩২ মিনিটে জ্বলে ওঠেন ভিনি। ব্রুনো গুইমারেসের থেকে বল পেয়ে বাঁ দিক থেকে কাট করে ভেতরে ঢোকেন। এরপর সেকেন্ড পোস্ট লক্ষ্য করে ডান পায়ে বাঁকানো দুর্দান্ত শটে সমতা ফেরান। ফার্স্ট পোস্টে থাকা ইয়াসিন বোনোর পক্ষে কিছু করার ছিল না।
প্রথমার্ধে ৩৭ মিনিটে কাসেমিরো ও ৪৩ মিনিটে রজার ইবানেজ হলুদ কার্ড দেখেন। হাফ টাইমের আগে লুকাস পাকেতার ভলি বাঁচিয়ে দেন বোনো। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
বিরতির পর ম্যাচের রাশ নিতে ঝাঁপায় ব্রাজিল। ৫২ মিনিটে ভিনির পাস থেকে ইগর থিয়াগোর শট বাঁচান বোনো। ৬১ মিনিটে জোড়া বদল আনেন আনচেলত্তি। পাকেতা ও থিয়াগোকে তুলে নামান ম্যাথিউস কুনহা ও লুইজ হেনরিকেকে। মরক্কোও বদল আনে। দিয়াজ়ের বদলে চেমসদিন তালবি ও উনাহির বদলে সামির এল মোরাবেত নামেন।
বদলের পরেও ব্রাজিলের দাপট চললেও মরক্কোর ডিফেন্স ভাঙতে পারেনি। ৬৭ মিনিটে রাফিনিয়ার ক্রস ক্লিয়ার করেন রিয়াদ। ৭৮ মিনিটে ভিনির দূরপাল্লার শটে বোনো বেরিয়ে এসে ক্লিয়ার করেন।
যোগ করা ১০ মিনিটে সুযোগ পেয়েছিল মরক্কো। এল আইনাউইর দূরপাল্লার বাঁকানো শট অ্যালিসন কিছুটা চাপের মুখে দু’বারের চেষ্টায় আটকান। যদিও বল বাইরেই যাচ্ছিল। আর কোনও বিপদ হয়নি।
ভিনিসিয়াসের একক দক্ষতার গোলে হার বাঁচালেও ব্রাজিলের খেলায় সেই পুরনো ছন্দ ছিল না। মরক্কোর গতি ও রক্ষণের সামনে বারবার আটকে গেল আনচেলত্তির ছেলেরা। তবু ৯২ বছরের ধারা বজায় রেখে বিশ্বকাপ শুরু করাটাই আপাতত স্বস্তি। ব্রাজিলের পরের ম্যাচ ২০ জুন ভোর সাড়ে ৫টায় হাইতির বিপক্ষে। একই দিন ভোর সাড়ে ৩টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো।
