আজকের দিনেখেলাতিলোত্তমারাজনীতি

Messi Case-Arup : মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টায় হাজিরার নির্দেশ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মেসির ‘গোট টুর’ ঘিরে প্রতারণা ও কালোবাজারির অভিযোগে ফের বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে তৃতীয়বার নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছে। প্রথম দু’বারের তলব এড়ানোর পর এবার তিনি হাজিরা দেন কিনা, সেটাই দেখার।

গত ১৭ মে মেসির গোট টুরের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগ, মেসির ইভেন্টের টিকিটে কালোবাজারি হয়েছে, আয়োজকদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে, অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হয়েছে, ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি ছিল এবং গোটা বিষয়ে প্রতারণা করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতেই প্রথম নোটিসে গত ৪ জুন হাজিরার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু তার আগেই থানায় যোগাযোগ করে অরূপ জানান, তিনি অসুস্থ। তাই দু’সপ্তাহ হাজিরা দেওয়া সম্ভব নয়। পুলিশ সেই আবেদন খারিজ করে। তাদের যুক্তি, প্রাক্তন মন্ত্রী শারীরিক অসুস্থতার কোনও মেডিক্যাল রিপোর্ট জমা দেননি। ফলে গত ৮ জুন বেলা ১১টার মধ্যে হাজিরার দ্বিতীয় নোটিস পাঠানো হয়। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দু’টি নোটিস সাঁটিয়ে দেয় বিধাননগর দক্ষিণ থানা। তাতে স্পষ্ট বলা হয়, প্রমাণ ছাড়া শুধু অসুস্থতার অজুহাতে তলব এড়ানো যাবে না। তবুও সেদিন সশরীরে হাজির হননি অরূপ। আইনজীবী মারফতও থানায় কোনও বার্তা পাঠাননি।

এর মধ্যে মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন অরূপ বিশ্বাস। সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। প্রথমে সেখানেও ধাক্কা খান। তবে পরে হাই কোর্ট শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয়। আদালত জানায়, তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিয়ে অরূপ বিশ্বাসকে জানাতে হবে। একইসঙ্গে নির্দেশ, তদন্ত চলবে তদন্তের মতোই। তবে পুলিশ গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ।

হাই কোর্টের সেই নির্দেশ মেনেই এবার তৃতীয় নোটিস পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানা। নোটিস গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, এফআইআর দায়েরের পর থেকেই কার্যত বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তাঁর মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তদন্তে একাধিকবার বাধা তৈরি হচ্ছে।

দু’বার পুলিশি তলব এড়ানোর পর তৃতীয় নোটিসে অরূপ বিশ্বাস হাজিরা দেন কিনা, এখন সেদিকেই নজর সবার। হাই কোর্টের নির্দেশে গ্রেপ্তারিতে সাময়িক রক্ষাকবচ থাকলেও তদন্তে সহযোগিতা না করলে আইনি জটিলতা বাড়তে পারে প্রাক্তন মন্ত্রীর। মেসির ইভেন্ট ঘিরে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *