ফলতার এক সময়ের ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা, ফলতা :- রাজ্যে পালাবদলের পর দাপট হারানো তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে গ্রেফতার করে ঘটনার পুনর্নির্মাণ করল ফলতা থানার পুলিশ। কালো হাফপ্যান্ট ও ধূসর টি-শার্ট পরিয়ে সরারহাটে ঘোরানো হল একসময়ের ‘পুষ্পা’কে। তোলাবাজির অভিযোগে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতাকে।
ফলতায় একসময় জাহাঙ্গির খানের দাপটে ‘বাঘে-গরুতে একঘাটে জল খেত’ বলে জনশ্রুতি ছিল। নির্বাচনের আগে নিজেকে ‘পুষ্পা’ বলে জাহির করে হুঙ্কার ছেড়েছিলেন তিনি। বলেছিলেন, “আমরাও পুষ্পা, ঝুকেগা নেহি। কোনও দিল্লির পুলিশ বা বিজেপি-র দালালের কাছে মাথানত করব না।”
তবে রাজ্যে পালাবদলের আগেই ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির। এরপরই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয়রা। বেশ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর ভারত-নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় সহযোগী ইসরাফিল চকদারকেও।
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটে ফলতায় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ইসরাফিলের বিরুদ্ধে রাস্তা আটকে ভোটারদের মারধর ও হুমকির অভিযোগ ছিল। জাহাঙ্গিরের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
গ্রেফতারির পর বুধবার আইসি ফলতা পার্থসারথি ঘোষের নেতৃত্বে জাহাঙ্গিরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কালো হাফপ্যান্ট ও ধূসর টি-শার্ট পরা জাহাঙ্গিরের হাত ধরে রেখেছেন এক পুলিশ অফিসার। সামনে-পিছনে পুলিশি ঘেরাটোপে সরারহাটে ঘোরানো হয় তাঁকে।
একসময়ের ‘পুষ্পা’র দাপট শেষ। তোলাবাজির অভিযোগে পুলিশি হেফাজতে থাকা জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনা ফলতার রাজনীতিতে নতুন বার্তা দিল। দাপট ও হম্বিতম্বির দিন শেষ, এখন আইনের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলের এই প্রাক্তন প্রভাবশালী নেতাকে। মামলার তদন্ত চলছে।
