ভোট পরবর্তী হিংসার অভিযোগে কাকদ্বীপে বিজেপির দুই নেতাকে শোকজ নোটিশ
কিউ ইন্ডিয়া বাংলা ,নিজস্ব প্রতিনিধি:- ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাকদ্বীপের দুই বিজেপি নেতার বিরুদ্ধে দল শোকজ নোটিশ জারি করেছে। এই ঘটনাকে ঘিরে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে অভিযুক্ত দুই নেতার কাছে চিঠি পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার বাসিন্দা বিপুল দাস এবং সূর্যনগর বাজারবেরিয়ার বাসিন্দা রানা মিশ্রের বিরুদ্ধে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।
দলীয় সূত্রে দাবি, নির্বাচনের পর এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া, দলীয় কর্মীদের শারীরিকভাবে হেনস্থা করা এবং জোর করে দোকানপাট বন্ধ করানোর মতো একাধিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়েই দলের তরফে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
বিপুল দাসকে লিখিতভাবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে এক সপ্তাহের মধ্যে রানা মিশ্রকেও এর কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত দলীয় কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ দিয়েছিলেন। কাকদ্বীপের দুজন নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার মাধ্যমে দলীয় অনুশাসনের কড়া বার্তা দেওয়া হল রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিমত রাজনৈতিক মহলের ।
