‘কারও ছায়ায় থাকব না’, অধিনায়ক হয়ে প্রথম মুখ খুললেন শ্রেয়স আইয়ার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেই অধিনায়কের দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার। নতুন ভূমিকায় এসেই সাফ জানালেন, নেতৃত্ব পেয়ে নিজের স্বভাব বা ব্যক্তিত্ব বদলাবেন না। মুম্বইয়ের লড়াকু মানসিকতাকেই হাতিয়ার করে দলকে জেতাতে চান তিনি।
রবিবার এক অনুষ্ঠানে শ্রেয়স বলেন, “নিজের ব্যক্তিত্ব বদলাতে চাই না। যেমন ছিলাম, তেমনই থাকব। কারও মতো হওয়ার বা কারও ছায়ায় থেকে কাজ করব না।”
মুম্বইয়ের ক্রিকেট সংস্কৃতির কথা তুলে ধরেন তিনি। জানান, “মুম্বইয়ে ক্রিকেটের পরিসর বিশাল। এখানে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। রাস্তায় ক্রিকেট খেলা প্রায় প্রতিটি ছেলেমেয়ের স্বপ্ন থাকে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করার। সেই পরিবেশই আমাকে লড়াই করতে শিখিয়েছে।”
নতুন অধিনায়কের লক্ষ্য দলের মধ্যে জয়ের খিদে আরও বাড়ানো। শ্রেয়সের কথায়, “ধারাবাহিকভাবে জেতার মানসিকতাই আমার সবচেয়ে বড় শক্তি। পরিস্থিতি যত কঠিনই হোক, জয়ের লক্ষ্য থেকে সরে আসা যায় না। তবে শুধু জেতার জন্য নয়, খেলাটা উপভোগ করাও জরুরি।”
অধিনায়কত্বকে সম্মান ও চ্যালেঞ্জ দুইই বলছেন তিনি। “এই দায়িত্ব আমার কাছে যেমন আনন্দের, তেমনই চ্যালেঞ্জেরও। দলের মধ্যে সেই জয়ের খিদেটা আরও বাড়িয়ে তোলাই এখন আমার অন্যতম কাজ।”
শ্রেয়সের অধিনায়ক হওয়াকে সমর্থন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “শ্রেয়স নিজের পারফরম্যান্সের জোরেই এই সম্মান অর্জন করেছে। সূর্যকুমার যাদবকে সরানো ঠিক না ভুল, সে বিষয়ে মন্তব্য করছি না। নির্বাচকেরা তাঁদের ভাবনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন।”
জাতীয় দলে প্রত্যাবর্তনের পরেই নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েছেন শ্রেয়স। আগ্রাসী মুম্বইকর মানসিকতা নিয়ে দলকে এগিয়ে নিতে চান তিনি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। সেখানে শ্রেয়সের ‘সাহসী’ নেতৃত্ব কতটা সফল হয়, সেটাই এখন দেখার।
