Kultali-Death :জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু, শোকের ছায়া কুলতলীতে !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৌয়ালের। আজ ২৪ শে এপ্রিল সকালে মধু সংগ্রহ করতে বেরিয়েছিল চারজনের একটি মৌয়ালের দল । আচমকা বাঘের আক্রমণে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় । মৃতের নাম গোবিন্দ গায়েন । ঘটনার খবর জানাজানি হতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বৈধ অনুমতি পত্র নিয়ে জঙ্গলের অভ্যন্তরে তিনজন সহকর্মীকে সঙ্গে নিয়ে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন গোবিন্দ গায়েন । অন্যান্য দিনের মতো তারা নিয়মমাফিক মধু সংগ্রহ করা শুরু করেছিলেন । জঙ্গল থেকে এসে অতর্কিতে গোবিন্দ গায়েনের ওপর একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে । তার সহকর্মীরা লাঠি দিয়ে বাঘের হামলা থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন । কিন্তু তাদের চেষ্টা বিফল হয় । জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘটি গোবিন্দ গায়েন কে নিয়ে জঙ্গলের আরো ভিতরে চলে যায় । তার সহকর্মীরা থানায় এবং বনদপ্তরকে খবর দেয় । স্থানীয় থানার আধিকারিকরা এবং বনদপ্তর ওই জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে গোবিন্দ গায়েনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে । গোবিন্দ গাইন এর মৃত্যুর খবর জানাজানি হতে গোটা কুলতলী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । সাধারণত এপ্রিল মে মাসে মৌয়াল রা মধু সংগ্রহ করতে গভীর জঙ্গলে যান । তাদেরকে সরকারি অনুমতিপত্র নিতে হয় । অতীতের কুলতলির জঙ্গলে বাঘের হানায় মৃত্যু হওয়ার একাধিক ঘটনাবলী রয়েছে।
আজকে এই ঘটনার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বনদপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে এবং জঙ্গল এলাকায় জোর সর্তকতা জারি করা হয়েছে।
