Cricket-India-Afghanistan : আজ ভারত-আফগানিস্তান টেস্ট: মুল্লানপুরে তিনে সুদর্শনের অগ্নিপরীক্ষা !
কিউ ইন্ডিয়া বাংলা:- অপেক্ষা শেষ। আজ শনিবার মুল্লানপুরে লাল বল হাতে নামছে ভারত। প্রতিপক্ষ আফগানিস্তান। ইতিহাসে মাত্র দ্বিতীয়বার টেস্টে মুখোমুখি দুই দল। পিচে পেসারদের দাপট নাকি স্পিনের ঘূর্ণি? গরমের সঙ্গে লড়াই নাকি বৃষ্টির চোখরাঙানি? সব ছাপিয়ে বড় প্রশ্ন একটাই। রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারার তিন নম্বর জায়গায় এবার কে? গৌতম গম্ভীর ভরসা রাখছেন সাই সুদর্শনে। তরুণ তামিল তারকার ব্যাটে কি ভরবে ‘দ্য ওয়াল’-এর শূন্যস্থান? উত্তর খুঁজতে তৈরি মুল্লানপুর।
আইপিএল শেষের পরেই জাতীয় দলের ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। সেই শুরুতেই আজ শনিবার মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে নামছে ভারত।
মুল্লানপুরের পিচে শুরুতে পেসাররা সাহায্য পাবেন। ভাল বাউন্স আর ক্যারি থাকবে। ম্যাচ গড়ালে স্পিনারদের দাপট বাড়বে। প্রথম দিন সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও জলনিকাশি ব্যবস্থা ভাল। ২৫ থেকে ৩০ মিনিটেই মাঠ খেলার উপযোগী হবে। বাকি দিনগুলোয় রোদ ঝলমলে আবহাওয়া। তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি, আর্দ্রতা ৩২ শতাংশের কাছাকাছি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এই টেস্ট ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিন নম্বর পজিশন নিয়ে। চেতেশ্বর পূজারার পর এই জায়গায় সাতজনকে খেলানো হয়েছে। করুণ নায়ার থেকে সাই সুদর্শন, কেউই থিতু হতে পারেননি।
অথচ এই তিন নম্বরেই ভারতকে বহু বছর ভরসা দিয়েছেন রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা। কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, এবার সাই সুদর্শনকে সময় দেওয়া হবে। ভারতীয় দল চাইছে তরুণ এই ব্যাটার নিজেকে প্রমাণ করুন।
WTC-এর বাইরে হলেও মুল্লানপুর টেস্ট ভারতীয় দলের জন্য অ্যাসিড টেস্ট। পিচের দ্বৈত চরিত্র, গরম আর তিন নম্বরের শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জ। শুরুতে পেসাররা, শেষে স্পিনাররা ম্যাচের রং বদলাবেন। আর সাই সুদর্শন কি পারবেন দ্রাবিড়-পূজারার উত্তরসূরি হতে? ভারতীয় দলের ভবিষ্যতের তিন নম্বরের উত্তর খোঁজা শুরু আজ থেকেই।
