আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Tanoy Shastri-Mimi : তনয় শাস্ত্রীর মামলায় আইনি ফাঁসে মিমি, এক সপ্তাহেই আদালতে হাজিরার নির্দেশ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বনগাঁ কাণ্ডে এবার বড়সড় আইনি জটে অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলায় বনগাঁ আদালতে চার্জশিট গঠন হতে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে সশরীরে হাজিরা দিতে হতে পারে অভিনেত্রীকে।

ঘটনার সূত্রপাত গত ২৬ জানুয়ারি। বনগাঁর নয়া গোপালগঞ্জ যুব সংঘের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, রাত সাড়ে ১০টায় আসার কথা থাকলেও তিনি পৌঁছন প্রায় এক ঘণ্টা দেরিতে, রাত সাড়ে ১১টায়। মঞ্চে ওঠেন পৌনে ১২টায়। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান থামিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এরপরই ক্লাবের সদস্য তথা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেন মিমি। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘অভদ্র ভাবে’ মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন তনয়।

মিমির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তনয় শাস্ত্রীর বাড়িতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তনয়কে। পরে জামিনে ছাড়া পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি।

পাল্টা মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা করেন তনয় শাস্ত্রী। তাঁর অভিযোগ, “মিমি চক্রবর্তী একদিনও হাজিরা দেননি। তারিখের পর তারিখ চেয়েছেন, কিন্তু ২ জুনও আদালতে আসেননি। বদলে তাঁর আইনজীবী এসেছিলেন। তাই আমার আইনজীবী ও বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন।”

বনগাঁ আদালত সূত্রে খবর, তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতেই এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন হতে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক ও বিনোদন মহলে শোরগোল পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *