আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

NIA-Shawkat : কামালগাজি থেকে এন আই এর হাতে গ্রেপ্তার শওকত মোল্লা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করল NIA। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত টানা অভিযানের পর সোনারপুরের কামালগাছি এলাকার একটি গোপন ডেরা থেকে তাঁকে আটক করে জাতীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, ভাঙড়ে বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার সকাল থেকেই অ্যাকশনে নামে NIA। ক্যানিংয়ে শওকত মোল্লার বাড়ি-সহ মৌখালি, বারুইপুর, সোনারপুরের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় সংস্থার দল। NIA সূত্রে খবর, তল্লাশি শুরুর খবর পেয়েই বৃহস্পতিবার সকাল থেকে গা ঢাকা দেন শওকত মোল্লা। গোয়েন্দাদের দাবি, গ্রেপ্তারি এড়াতে তিনি বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন এবং সেই মতোই বিভিন্ন জায়গায় আশ্রয় বদল করছিলেন। পলাতক শওকতের খোঁজে তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে দিনভর দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় চিরুনি তল্লাশি চালায় NIA। ওই দিন রাতেই শওকতের খোঁজে বাসন্তীর চুনোখালি এলাকাতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। এর আগে শওকত মোল্লার পরিবারের হাতে হাজিরার সমনের কপি তুলে দিয়েছিল NIA। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুরের কামালগাজির একটি গোপন ডেরায় হানা দেয় NIA-র দল। শুক্রবার রাতে অবশেষে তাকে গ্রেপ্তার করে এনআইএ।

শনিবার ধৃত শওকত মোল্লাকে কলকাতায় NIA-র বিশেষ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের কাছে নিজেদের হেফাজতের আবেদন জানাবে NIA। ভাঙড়ে উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস, টাকার লেনদেন এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে শওকতকে মুখোমুখি জেরা করা প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *