আজকের দিনেবাংলার আয়না

বিস্ফোরণ-কাণ্ডে শওকত মোল্লার খোঁজে NIA, ছেলেকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার ভোর থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার খোঁজে তল্লাশি শুরু করেছে NIA। ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও তাঁর নাগাল পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর শওকতের ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়েই মৌখালি, সোনারপুর, বারুইপুর-সহ একাধিক জায়গায় ঘুরছেন NIA আধিকারিকরা।

বৃহস্পতিবার ভোরে ৮-১০টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে পৌঁছয় NIA। বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে পরে বাড়িতে আসেন শওকতের স্ত্রী ও মেয়ে। এরপর ছেলে ইমরান মোল্লাকেও সেখানে নিয়ে আসা হয়।

সকলকে জিজ্ঞাসাবাদের পর ইমরানকে সঙ্গে নিয়েই শওকতের খোঁজে বেরোন NIA-র কয়েকজন আধিকারিক। প্রথমে তাঁরা যান মৌখালিতে ইমরানের রেস্তোরাঁয়। সেখানে কিছুক্ষণ তল্লাশি চলে। NIA সূত্রে খবর, এরপর তদন্তকারীরা কলকাতার দিকে রওনা দেন। সোনারপুরে গিয়েও শওকতের খোঁজ মেলেনি। তারপর বারুইপুরের দিকে যায় তদন্তকারীদের গাড়ি।প্রসঙ্গত, বিধানসভা ভোটের কিছুদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। নওশাদ সিদ্দিকির দল ISF এই ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছিল। পরে তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই এই মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে NIA। এবার শওকত মোল্লার নাম উঠে আসায় তাঁর বাড়িতে হানা দিল তদন্তকারীরা।

শওকত মোল্লা এখনও অধরা। তবে তাঁর খোঁজে NIA-র এই ম্যারাথন তল্লাশি রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। ছেলেকে সঙ্গে নিয়ে একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। শওকত ধরা পড়লে বামুনিয়া বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। ঘটনার পর থেকে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *