আজকের দিনেবাংলার আয়না

Mothabari Case-NIA : মোথাবাড়ি কাণ্ড: ৫৯ দিনে চার্জশিট এনআইএ-র, মোফাক্কেরুল-সহ অভিযুক্ত ৩১ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মালদহের মোথাবাড়ি কাণ্ডের ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ কোর্টে কালিয়াচক ও মোথাবাড়ি থানার চারটি মামলায় মোট ৩১ জনের নামে চার্জশিট জমা পড়েছে। তালিকায় রয়েছে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম ও একরামুল বাদনানির নাম।

আদালত সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে ৪টি মামলার তদন্ত শেষ করে এদিন চার্জশিট দিল এনআইএ। কালিয়াচক থানার দু’টি ও মোথাবাড়ি থানার দু’টি মামলায় এই চার্জশিট দেওয়া হয়েছে।

চারটি মামলায় অভিযুক্তের সংখ্যা আলাদা। প্রথম মামলায় ৩ জন, দ্বিতীয় মামলায় ১৫ জন, তৃতীয় মামলায় ১০ জন এবং চতুর্থ মামলায় ৩ জনের নাম রয়েছে চার্জশিটে। সব মিলিয়ে ৩১ জন। সূত্রের খবর, এই চারটি মামলার মধ্যে দু’টি মামলায় ধৃত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাদনানির নাম রয়েছে।

এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ আদালতে জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১৮৯(২), ১৮৯(১), ১৯৫(১), ২২১, ২২৩, ২২৪, ৩৫১(২) ধারায় চার্জশিট পেশ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, সরকারি কর্মীকে কাজে বাধা, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও সরকারি সম্পত্তির ক্ষতির অভিযোগ।

ঘটনার সূত্রপাত এসআইআর পর্ব চলাকালীন। কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় ‘সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে’ এই অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তার অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের তরফে এনআইএ তদন্তের সুপারিশ করা হয়।

এরপরই তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শনের পর ১২টি মামলা রুজু করে এনআইএ। তার মধ্যে চারটি মামলার চার্জশিট এদিন জমা পড়ল কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুদীপ্ত কুমার দে’র বেঞ্চে। বাকি ৮টি মামলার তদন্ত এখনও চলছে।

মোথাবাড়ির ঘটনায় বিচারক হেনস্তার মতো স্পর্শকাতর ইস্যু জড়িত থাকায় প্রথম থেকেই নজরে ছিল এই মামলা। ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করে দ্রুত তদন্ত শেষ করার বার্তা দিল এনআইএ। বাকি মামলাগুলির চার্জশিটও শীঘ্রই পেশ করা হবে বলে জানিয়েছে সংস্থা। এই ঘটনায় দোষীদের শাস্তি সুনিশ্চিত করতে আদালতের দিকেই তাকিয়ে সব পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *