সাগরে ত্রাণ চুরি কাণ্ড: প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর আত্মীয় তৃণমূল নেতা চন্দন প্রধান গ্রেফতার
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার সাগরে সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা চন্দন প্রধান। তিনি প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার জামাইয়ের ভাই। গোডাউন থেকে উদ্ধার হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আসা ত্রাণের মালপত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে প্রাকৃতিক বিপর্যয়ের পর গরিবদের জন্য আসা সরকারি ত্রাণ সামগ্রী নিজের গোডাউনে মজুত রেখেছিলেন চন্দন প্রধান। তিনি প্রাক্তন বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার জামাই স্বপন প্রধানের ভাই। স্বপন প্রধান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন।স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে সাগর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চন্দন প্রধানের গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করে এবং তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আদালতে পাঠানো হবে।এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বাসিন্দা তাপস বিজলি ও বিজেপি নেতা অরুণাভ দাস। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রীর আত্মীয় গ্রেফতার হওয়ায় সাগরে তৃণমূলের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ত্রাণ বণ্টনে স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন উঠল।
