আজকের দিনেবাংলার আয়না

সোনারপুরে আক্রান্ত কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে অভিষেক, ডিম-হামলা-জামা ছেঁড়ার অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শনিবার বিকেলে সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত দফায় দফায় তাঁকে কালো পতাকা, ‘চোর’ স্লোগান ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ কনভয় নিয়ে সোনারপুরের উদ্দেশে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কামালগাজি মোড়ে পৌঁছতেই রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা একদল মহিলা তাঁকে কালো পতাকা দেখাতে শুরু করেন। ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। নিরাপত্তারক্ষীরা ভিড় সরিয়ে কনভয় এগিয়ে নিয়ে যান। এরপর কনভয় সোনারপুর স্টেশন রোডে ঢুকতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার দু’পাশে জড়ো হওয়া কয়েকশো মানুষ ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। অভিযোগ, সেই ভিড় থেকেই আচমকা একের পর এক ডিম ছোড়া শুরু হয় অভিষেকের গাড়ি লক্ষ্য করে। কয়েকটি ডিম তাঁর গাড়ির কাচে ও পোশাকে লাগে। তাতে সাদা পাঞ্জাবি নষ্ট হয়ে যায়। ভিড়ের চাপে গাড়ি এগোতে না পারায় একসময় নিরাপত্তারক্ষীদের পরামর্শে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। দলীয় কর্মীদের একটি বাইকে চড়ে তিনি আক্রান্ত কর্মীর বাড়ির দিকে রওনা দেওয়ার চেষ্টা করেন। মাথায় হেলমেট পরা থাকলেও বাইকে ওঠার সময় ফের ডিম ছোড়া হয়। তার মধ্যে কয়েকটি ডিম তাঁর হেলমেটে ও কাঁধে লাগে। অভিযোগ, এই সময় উত্তেজিত জনতার একাংশ তাঁকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি শুরু করে। টানাটানিতে তাঁর পাঞ্জাবির একাংশ ছিঁড়ে যায়। নিরাপত্তারক্ষীরা মানবর্ম তৈরি করে তাঁকে ভিড় থেকে বার করে আনেন। ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অভিষেককে হেলমেট পরে বাইকে বসে থাকতে এবং চারপাশে উত্তেজিত জনতাকে স্লোগান দিতে দেখা গেছে। খবর পেয়ে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। লাঠিচার্জ করে ও ব্যারিকেড করে ভিড় হঠানো হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কড়া নিরাপত্তার ঘেরাটোপে অভিষেককে আক্রান্ত কর্মীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কে বা কারা এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের একাংশের দাবি, সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে এলাকায় ক্ষোভ ছিল। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এ দিন।

তুমুল বিক্ষোভ, ডিম হামলা ও হেনস্থার অভিযোগের মধ্যেও শেষ পর্যন্ত আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের প্রতিক্রিয়া মিললেও তৃণমূলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *