আজকের দিনেতিলোত্তমা

রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মেরামতি ও সংস্কারের কাজের জন্য আগামী ৩১ মে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারের পিএ-র পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি নম্বর TP/25, তারিখ ২৮ মে ২০২৬ অনুযায়ী, বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদল সহ একাধিক গুরুত্বপূর্ণ মেরামতির কাজ হবে। সেই কারণেই ৩১ মে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর কিছু কেবল ও বিয়ারিংয়ে ত্রুটি ধরা পড়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত এই অংশগুলি বদল করা জরুরি। বর্ষার আগে কাজ শেষ করতেই রবিবারের মতো ছুটির দিন বেছে নেওয়া হয়েছে, যাতে নিত্যযাত্রীদের ভোগান্তি কম হয়। এই ৮ ঘণ্টা হাওড়া-কলকাতাগামী সমস্ত গাড়িকে বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে। ছোট ও মাঝারি গাড়ি হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু ব্যবহার করতে পারবে। পণ্যবাহী ভারী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা দূরপাল্লার বাস দ্বিতীয় হুগলি সেতুর বদলে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকবে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, সেতু বন্ধ থাকাকালীন হেস্টিংস মোড়, পিটিএস, টোল প্লাজা ও কোনা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যানজট সামলাতে সকাল থেকেই মাইকিং ও সাইনবোর্ডের মাধ্যমে প্রচার চালানো হবে। গুগল ম্যাপ ও কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজেও লাইভ আপডেট দেওয়া হবে। অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার গাড়ির জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। প্রয়োজনে হাওড়া ব্রিজ দিয়ে দ্রুত পারাপারের ব্যবস্থা করবে পুলিশ।

রবিবার সেতু বন্ধ থাকায় হাওড়া-কলকাতা রুটে সাময়িক যানজটের আশঙ্কা রয়েছে। তাই ওই দিন জরুরি প্রয়োজন ছাড়া বিদ্যাসাগর সেতু এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কাজ শেষ হলেই দুপুর ২টার পর ফের স্বাভাবিক হবে যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *