আজকের দিনেবাংলার আয়না

জাহাঙ্গীরের সাগরেদ ইসরাফিল গ্রেফতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনি :- দক্ষিণ ২৪ পরগনা জেলার হাসিমনগরের ত্রাস ও বঙ্গনগর পঞ্চায়েতের প্রধান ইসরাফিলকে গ্রেফতার করল ফলতা থানার পুলিশ। জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সাগরেদ হিসেবে পরিচিত ইসরাফিলের গ্রেফতারিতে ফলতা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ইসরাফিল দীর্ঘদিন ধরে হাসিমনগর ও ফলতা এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। তোলাবাজি, জমি দখল, মারধর সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম জড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীর খানের নাম করে এলাকায় প্রভাব খাটাত ইসরাফিল। বিরোধিতা করলেই হুমকি ও মারধরের ঘটনা ঘটত।

গোপন সূত্রে খবর পেয়ে রাতে ফলতা থানার একটি বিশেষ দল অভিযান চালায়। হাসিমনগরের একটি গোপন ডেরা থেকে ইসরাফিলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশের দাবি।তদন্তকারীরা জানাচ্ছেন, জাহাঙ্গীর খানের সঙ্গে ইসরাফিলের আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। এলাকায় একটি সিন্ডিকেট চক্র চালাত তারা। ধৃতের কাছ থেকে মোবাইল ফোন ও কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলো খতিয়ে দেখে চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে। ফলতা থানার এক আধিকারিক জানান, ইসরাফিলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশ তার খোঁজ করছিল। ধৃতকে রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

বঙ্গনগর পঞ্চায়েত প্রধানের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ স্বস্তি প্রকাশ করলেও, তার অনুগামীদের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসিমনগর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *