আজকের দিনেবাংলার আয়না

কলকাতায় মমতার পর এবার দিনহাটায় অনশনে উদয়ন গুহ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,দিনহাটা: নির্বাচন কমিশনের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের প্রতিবাদে এবার সরব হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একদিকে যখন কলকাতায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই সোমবার কোচবিহারের দিনহাটায় দলীয় কর্মীদের নিয়ে গণ অনশনে বসলেন উদয়ন গুহ। তাঁর অভিযোগ, বিজেপির কথায় চলে সাধারণ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে কমিশন।

​উদয়ন গুহর দাবি, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দিনহাটায় ইতিমধ্যেই প্রচুর মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বর্তমানে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির দোহাই দিয়ে কয়েক লক্ষ নাম ‘অমীমাংসিত’ তালিকায় ফেলে রাখা হয়েছে। জেলাজুড়ে এই অনিশ্চিত তালিকায় রয়েছে প্রায় ২ লক্ষ ৩৭ হাজার নাম। “বিজেপির অঙ্গুলিহেলনে সাধারণ ভোটারদের নাম বাদ দিয়ে বা বিচারাধীন রেখে তাঁদের মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। এই তালিকার নিষ্পত্তি কবে হবে, তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই।”

​নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উদয়ন বাবু বলেন, “আমার জীবনে অনেক কমিশন দেখেছি, কিন্তু এমন পক্ষপাতদুষ্ট কমিশন দেখিনি। কী করলে বিজেপির সুবিধা হবে, এরা কেবল সেই দিকেই নজর দিচ্ছে। তবে এটা বিহার বা দিল্লি নয়, বাংলার মানুষ অনেক বেশি সচেতন।” তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এই নির্বাচনে বাংলার মানুষ এই চক্রান্তের যোগ্য জবাব দেবেন।

​বিজেপির পক্ষ থেকে বারবার রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী শনাক্তকরণের দাবি তোলা হচ্ছে। এই প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন:
​”যাঁরা এখানে জন্মেছেন, তাঁদের ভোটাধিকার রক্ষা করতেই হবে। আপনারা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা খুঁজে পেলে তাঁদের বাদ দিন, শাস্তি দিন। কিন্তু অনুপ্রবেশকারীর নাম করে বেছে বেছে যেখানে বিজেপি দুর্বল, সেখান থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া বরদাস্ত করা হবে না।”

​কতক্ষণ এই অনশন চলবে? এই প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দৃঢ়ভাবে জানান, “শরীরে যতক্ষণ দম আছে, ততক্ষণ থাকব।” দিনহাটার এই গণ অনশনকে কেন্দ্র করে বর্তমানে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *