আজকের দিনেতিলোত্তমা

‘জনতার দরবার’: নতুন মুখ্যমন্ত্রীর কাছে ভিড় ২৬ হাজার যোগ্য চাকরিপ্রার্থীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য ‘জনতার দরবার’-এর কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। বিজেপির তরফে জানানো হয়, প্রতি সোমবার সকালে ৯টা থেকে ১১টা পর্যন্ত মুখ্যমন্ত্রী সল্টলেকের দলীয় কার্যালয়ে থাকবেন। সেখানেই ‘জনতার দরবার’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেই মতন এদিন সকালে সল্টলেকের বিজেপি দফতরের সামনে জনতার দরবারেই হাজির হলেন রাজ্যের কয়েক হাজার চাকরিপ্রার্থী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে নিজেদের অভাব-অভিযোগ জানাতে চাকরিপ্রার্থীদের মোট ১৫টি সংগঠনের প্রতিনিধিরা সেখানে ভিড় করেন। বিপুল এই ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।

আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা

সল্টলেকের দফতরে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বন্ধ ঘরে একে একে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে এবং নিজেদের সমস্যার কথা মন খুলে বলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সমাধানের আশ্বাসও পেয়েছেন তাঁরা। জনতার দরবারে আসা এক চাকরিপ্রার্থী নিজের ক্ষোভ ও আশা প্রকাশ করে বলেন, “আমরা অনেক আশা নিয়ে নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছি। আগের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনতেন না, বহুবার চেয়েও দেখা মেলেনি। তবে এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁকে আমরা আগেও পাশে পেয়েছি, এখনও পাচ্ছি। ২৬ হাজারের মধ্যে আমরা যাঁরা প্রকৃত যোগ্য, তাঁরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই।”

উপস্থিত বিজেপির শীর্ষ নেতৃত্ব

গত সোমবারও সল্টলেকের দফতরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যেখানে ঘণ্টাখানেক সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন শুভেন্দু অধিকারী। এ দিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও শশী অগ্নিহোত্রীর মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। পুরো ‘জনতার দরবার’ কর্মসূচিটি পরিচালনা করছেন তাঁরাই।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান হাতিয়ারই ছিল পূর্বতন তৃণমূল সরকারের আমলের চাকরি-দুর্নীতি। ফলে ক্ষমতা বদলের পর, নিয়োগ দুর্নীতির শিকার হওয়া এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের জট কাটাতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী দিনে কী কী বড় পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *