CP-KP : ২০১৬-র ভোটে কমিশনের নির্দেশ মানার ‘শাস্তি’: বদলি হওয়া পুলিশদের ফেরাতে চায় লালবাজার !
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করার ‘শাস্তি’ হিসেবে জেলায় বদলি হওয়া কলকাতা পুলিশের আধিকারিক ও কর্মীদের ফেরানোর উদ্যোগ নিল লালবাজার। রাজ্যে সরকার বদলের পর কলকাতা পুলিশের সিপি অজয় কুমার নন্দা এই প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্র দফতরে চিঠি পাঠিয়েছেন।
সূত্রের খবর, ২০১৬ সালের বিধানসভা ভোটে কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন কলকাতা পুলিশের একাংশ। অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের রোষে পড়তে হয় তাঁদের। ভোট মিটতেই অ্যাসিস্টান্ট কমিশনার থেকে শুরু করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল-সহ বহু দক্ষ পুলিশ কর্মীকে জেলায় বদলি করে দেওয়া হয়। অনেককে কম গুরুত্বপূর্ণ পদেও পাঠানো হয়।
সবচেয়ে আলোচিত ঘটনা ছিল কলকাতা পুলিশের ডিসি দেবশ্রী চট্টোপাধ্যায়ের বদলি। তাঁকে উত্তর দিনাজপুরে সশস্ত্র পুলিশের কমান্ডান্ট পদে পাঠানো হয়েছিল। পরে উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই আইপিএস আধিকারিকের। পুলিশ মহলের একাংশের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি।
বদলি হওয়া ওই পুলিশ কর্মীদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অবসর নিয়েছেন। তবে এখনও বহু কর্মী জেলায় কর্তব্যরত। ১০ বছর ধরে পরিবার থেকে দূরে থেকে কাজ করছেন তাঁরা। রাজ্যে সরকার বদলের পর এবার তাঁদের কলকাতায় ফেরানোর তোড়জোড় শুরু করেছেন সিপি অজয় কুমার নন্দা।
সাব ইন্সপেক্টর, কনস্টেবল ও ড্রাইভার পদে বিপুল কর্মী সংকট রয়েছে। নতুন নিয়োগে সময় লাগবে। তাই অভিজ্ঞ কর্মীদের ফিরিয়ে দ্রুত শহরের আইনশৃঙ্খলা সামাল দিতে চায় কলকাতা পুলিশ। পুলিশ মহলের মতে, এই পদক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে বাহিনীর মনোবল ফেরানোর বার্তাও দেবে। এখন স্বরাষ্ট্র দফতরের সবুজ সংকেতের অপেক্ষা।
