আজকের দিনেতিলোত্তমারাজনীতি

সিনিয়রদের থেকে শিখুন’: কচ্ছপ দিবসে কুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে তোলপাড়। বিদ্রোহের সুর একাধিক নেতার গলায়। এই আবহে বিশ্ব কচ্ছপ দিবসে ‘সিনিয়রদের থেকে শিখুন’ বার্তা দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর ‘কচ্ছপ নীতি’ ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

শনিবার, ২৩ মে, বিশ্ব কচ্ছপ দিবসে সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “আজ ২৩ মে, বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন। ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে, সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। তাদের দেখে শিখুন। খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন। খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন। তারপর সুবিধেমত চলুন।”পোস্টে সরাসরি তোপ দেগে লেখেন, “বাঘ, সিংহদের বয়স কম। ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মত সিনিয়র, অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন। কচ্ছপদের সংরক্ষিত রাখুন।”কুণালের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। ছাব্বিশের নির্বাচনে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে তৃণমূল। ভোটের পর বহু নেতা-কর্মী ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছেন। অভিযোগ, বিপদের দিনে পাশে দাঁড়াননি শীর্ষ নেতৃত্বের কেউ। ফলপ্রকাশের পর থেকেই তাঁরা ‘ভ্যানিশ’। মাঝেমধ্যে ঠান্ডা ঘরে বৈঠক করে ভিডিও বার্তায় বিরোধীদের উদ্দেশে ‘গরম গরম’ বুলি আওড়াচ্ছেন।সূত্রের খবর, সম্প্রতি দলীয় বৈঠকেও সরব হয়েছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, এভাবে চলবে না। মাঠে-ময়দানে বেরিয়ে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে হবে। তবেই কর্মীরা লড়াইয়ের অক্সিজেন পাবে, সংগঠন চাঙ্গা হবে। কিন্তু বর্ষীয়ান নেতার পরামর্শের পরেও পথে নামেননি তৃণমূলের রাঘব বোয়ালরা।

তবে কি দলের সেই ‘বাঘ-সিংহ’ শীর্ষ নেতাদেরই সিনিয়রদের থেকে শেখার বার্তা দিলেন কুণাল? নাকি কর্মীদের আপাতত ‘খোলসে ঢুকে’ অভিজ্ঞদের পরামর্শ মেনে চলার কথা বললেন? ভোটে ভরাডুবির পর তৃণমূলের ঘরোয়া কোন্দলের আবহে কুণাল ঘোষের এই ‘কচ্ছপ পোস্ট’ নতুন করে জল্পনা উসকে দিল। দলের একাংশকে ‘সিনিয়রিটিকে সম্মান’ দেওয়ার বার্তা দিতেই কি এই প্রতীকী পোস্ট, উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *