আজকের দিনেবাংলার আয়না

Bhangarh-Accident : ভাঙ্গড়ে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১, আহত ২ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম আরও দুই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় দুই নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত বাগজোলা খালপাড়ের কাঠজলা ব্রিজ সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সকালে দ্রুত গতিতে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে আসেন। তারাই আহতদের উদ্ধার করে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশিপুর থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম না মানার কারণেই এই দুর্ঘটনা। সকালের ফাঁকা রাস্তায় দুটি বাইকই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাদের দাবি, হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। তাই প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও দায়িত্বশীল হতে হবে।

উত্তর কাশিপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। এই ঘটনার পর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার এবং পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতা কর্মসূচির দাবি আরও জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *