Ganga water : গঙ্গা জলবণ্টনেই নির্ভর করছে ভারত-বাংলাদেশ সম্পর্ক, চাপ বাড়াচ্ছে ঢাকা !
কিউ ইন্ডিয়া বাংলা:- ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে বলে মন্তব্য করলেন বাংলাদেশের গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী তথা BNP-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন চুক্তিতে বাংলাদেশের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার দাবিও তুলেছেন তিনি।
বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আলোচনাসভায় মির্জা ফখরুল বলেন, ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে গঙ্গা জলবণ্টন অথবা ফারাক্কা চুক্তির উপর।’ বাংলাদেশের মানুষের স্বার্থরক্ষা হয়, এমন শর্তেই নতুন চুক্তি করতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। গঙ্গা, তিস্তার মতো নদীগুলির উপর যে বাংলাদেশের জীবন ও জীবিকা নির্ভর করে, তাও স্মরণ করান তিনি। তাঁর দাবি, নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত আগের চুক্তির শর্তাবলী কার্যকর থাকুক এবং ভবিষ্যতের চুক্তি যেন মেয়াদনির্ভর না হয়। ১৯৯৬ সালে শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। তার আগেই ঢাকার এই অবস্থানকে চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। চাঁপাই নবাবগঞ্জ হয়ে বাংলাদেশে ঢুকে গঙ্গা পদ্মা নাম নেয়। কৃষি, জীববৈচিত্র এবং জল সরবরাহে পদ্মার ভূমিকা অপরিসীম। বাংলাদেশে প্রবাহিত ৫৪টি নদীর উৎস ভারত। ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশের অভিযোগ, জলের প্রবাহ কমেছে, জল লবণাক্ত হয়েছে এবং কৃষি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। পাল্টা ভারতের যুক্তি, হুগলি নদীতে জলের প্রবাহ ও কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখতেই ফারাক্কা বাঁধ তৈরি হয়েছে। মির্জা ফখরুল ফারাক্কা লং মার্চের মাধ্যমে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার ২০৩৩ সালের মধ্যে পদ্মা নদীর উপর বৃহৎ বাঁধ প্রকল্প শেষ করার ঘোষণা করেছে। জলসম্পদ মন্ত্রী সাহাবুদ্দিন চৌধুরীর দাবি, জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত এবং এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। তিস্তা জলবণ্টন নিয়েও সরব হয়েছে ঢাকা। BNP-র তথ্যসচিব আজিজুল বারি হেলালের দাবি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিস্তা চুক্তি আটকে ছিল। পশ্চিমবঙ্গে বিজেপি-র নতুন সরকারকে নিয়ে আশাবাদী তিনি। এদিকে তিস্তা নদীতে চিনের প্রকল্পে আগ্রহ নিয়েও উদ্বেগ বাড়ছে। এই প্রকল্পে ১০২ কিলোমিটার নদীঘাত খনন ও ২০৩ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভারতের আশঙ্কা, চিন এই প্রকল্পে হাত দিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের কাছে তাদের উপস্থিতি বাড়বে।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ফারাক্কা, পদ্মা বাঁধ ও তিস্তা প্রকল্প ঘিরে নতুন করে উত্তাপ বাড়ছে। জলবণ্টনকে সামনে রেখে ভারতের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। আগামী দিনে এই ইস্যুই দু’দেশের সম্পর্কের গতিপথ ঠিক করবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
