আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : হাঁসফাঁস গরমে স্বস্তির বার্তা, আজ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাঁসফাঁস গরমের মধ্যেই আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিকেলের পর বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে অস্বস্তি বজায় থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

আজ সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তেজ। যার জেরে গরম ও অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল হতে হবে পথচলতি মানুষকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেলের পর ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায়।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পর আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *