Chola Era-Modi : মোদীর সফরেই নেদারল্যান্ড থেকে দেশে ফিরছে চোল যুগের ‘লাইডেন তাম্রপত্র’ !
কিউ ইন্ডিয়া বাংলা:- দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে সাফল্য পেল ভারত। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফর চলাকালীন, একাদশ শতাব্দীর চোল সাম্রাজ্যের অমূল্য সম্পদ ‘লাইডেন তাম্রপত্র’ আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দিল ডাচ সরকার। ২০১২ সাল থেকে ভারত এই ঐতিহাসিক নিদর্শন দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছিল।
সংযুক্ত আরব আমিরশাহির পর পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্বে গত শুক্রবার নেদারল্যান্ডস পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন-এর উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানে চোল আমলের এই তাম্রপত্র ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়।
এই ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় ‘প্রত্যেক ভারতীয়ের জন্য এক আনন্দের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা ডাচ সরকারের এই পদক্ষেপকে দুই দেশের গভীর কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবেই দেখছেন।
ঐতিহাসিকদের মতে, মোট প্রায় ৩০ কেজি ওজনের এই সংগ্রহে ২১টি বড় এবং ৩টি ছোট তাম্রপত্র অর্থাৎ তামার প্লেট রয়েছে। সেগুলি একটি ব্রোঞ্জের আংটি এবং চোল রাজবংশের সিলমোহর দিয়ে একসঙ্গে বাঁধা আছে। সম্রাট প্রথম রাজরাজ চোলের মৌখিক নির্দেশকে লিখিত রূপ দিতে তাঁর পুত্র প্রথম রাজেন্দ্র চোল এই তাম্রপত্রগুলি খোদাই করিয়েছিলেন। এই তাম্রপত্রে সংস্কৃত ও তামিল ভাষায় নাগাপত্তিনমের একটি বৌদ্ধ মঠকে দেওয়া রাজকীয় অনুদানের বিস্তারিত বিবরণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই লিপিগুলি তৎকালীন দক্ষিণ ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সমুদ্রপথে বাণিজ্য এবং ধর্মীয় সহাবস্থানের এক অনন্য দলিল। অষ্টাদশ শতাব্দীতে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ওলন্দাজ বা ডাচ শাসন কায়েম হয়েছিল। সেই সময়েই এই অমূল্য সম্পদ লুট করে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়েছিল। এতদিন এই ঐতিহাসিক নিদর্শন লাইডেন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ছিল।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরে ফিরছে চোল যুগের গৌরবময় ইতিহাসের এই সাক্ষ্য। ‘লাইডেন তাম্রপত্র’ ফিরে পাওয়াকে সাংস্কৃতিক কূটনীতির বড় জয় হিসেবেই দেখছে নয়াদিল্লি। খুব শীঘ্রই দিল্লির জাতীয় সংগ্রহশালায় সাধারণের জন্য প্রদর্শিত হবে এই দুষ্প্রাপ্য তাম্রপত্র।
