আত্মতুষ্টিতে ভুগছে না ব্রাজিল, ইতিহাস বদলাতে মরিয়া জাপান
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপের নক-আউট পর্বে মুখোমুখি ব্রাজিল ও জাপান। ম্যাচের আগে আত্মতুষ্টির পথে হাঁটতে নারাজ সেলেসাওরা। অন্যদিকে ইতিহাস বদলে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে জাপান। দুই কোচের হুঙ্কারে ম্যাচের পারদ চড়ছে।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, নক-আউটে কোনও দলকেই হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘জাপানকে আমরা একেবারেই হাল্কাভাবে নিচ্ছি না। ওরা অত্যন্ত সঙ্গবদ্ধ দল। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।’ নক-আউটে অঘটনের সম্ভাবনা থাকলেও কোনও মানসিক চাপ নিচ্ছেন না তিনি। ব্রিটিশদের ‘মাইন্ড গেম’ তত্ত্বও মানতে নারাজ ব্রাজিল কোচ।
উল্টোদিকে জাপান কোচ হাজিমে মরিয়াসুও ছাড়ার পাত্র নন। ব্রাজিলকে ফেভারিট মানলেও বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই নামছে জাপান। তিনি বলেন, ‘টাই ব্রেকারের কথা মাথায় রেখে সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি। জাপান আগেও ব্রাজিলকে হারিয়েছে, ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখি আমরা।’ মিডফিল্ডার তাকেফুসা কুবো চোটের জন্য খেলতে না পারলেও দলে তার প্রভাব পড়বে না বলে মনে করেন মরিয়াসু।
ব্রাজিল যেখানে সতর্ক থেকে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপের দিকে এগোতে চাইছে, জাপান সেখানে অঘটন ঘটিয়ে নতুন ইতিহাস লিখতে মরিয়া। সতর্কতা বনাম আত্মবিশ্বাসের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে, সেটাই এখন দেখার।
