মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের হুমকি, আল কায়দার নামে ইমেল, গার্ডেনরিচ থেকে ধৃত যুবক
কিউ ইন্ডিয়া বাংলা :- মুখ্যমন্ত্রী পদে বসতে না বসতেই খুনের হুমকি পেলেন শুভেন্দু অধিকারী। আল কায়দার নাম করে ভবানীপুর থানায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমেই গার্ডেনরিচ থেকে এসটিএফের জালে ধরা পড়ল হাসনেন আলি নামে এক যুবক। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানাল এসটিএফ।
এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ইমেল আসে ভবানীপুর থানায়। এক মহিলার নামে আসা ওই ইমেলে দাবি করা হয়, ওই মহিলা আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সুইসাইড বম্ব অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছে।হুমকি মেসেজ পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। চিরুনি তল্লাশি চালিয়ে গার্ডেনরিচ থেকে পাকড়াও করা হয় হাসনেন আলি নামে ওই যুবককে। এসটিএফ সূত্রে খবর, জেরায় হুমকি মেল পাঠানোর কথা স্বীকার করেছে ধৃত। আল কায়দার নাম করে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি কেন? জেরায় ধৃত যুবক জানিয়েছে, এক মহিলার সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটিয়েছে সে। ওই মহিলাকে ফাঁসাতেই তাঁর ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেল করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনও চক্র আছে কিনা তাও খতিয়ে দেখছে এসটিএফ।
শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। তবে এসটিএফের তৎপরতায় ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত। তদন্তকারীদের দাবি, আপাতত ঘটনার পিছনে জঙ্গি যোগ মেলেনি। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ।
