মধ্যমগ্রামে হোম ভেঙে পালাল ১০ আবাসিক
কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলা এলাকায় একটি মহিলা হোম থেকে ১০ জন আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। তাঁদের মধ্যে ছিলেন ৭ জন বাংলাদেশি মহিলা, ২ জন নাবালিকা এবং ১ জন এ রাজ্যের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনাটি সোমবার গভীর রাতের। অভিযোগ, রাত প্রায় ১২টা নাগাদ আবাসিকরা গেটের তালা ভেঙে বেরিয়ে যান। নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁদের আটকানো যায়নি। দ্রুত খবর দেওয়া হয় থানায়। শুরু হয় তল্লাশি অভিযান।
পরে মধ্যমগ্রাম থানার পুলিশ গঙ্গানগর কাটাখাল-সহ সংলগ্ন এলাকা থেকে সকলকেই উদ্ধার করে। জানা গিয়েছে, হোমটি মূলত মহিলা আবাসিকদের জন্য। বিদেশি নাগরিক বা সিডব্লিউসি-র মাধ্যমে অনেককে সেখানে রাখা হয়।
এই ঘটনায় হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই আবাসিকদের মধ্যে অসন্তোষ ছিল। সেই ক্ষোভ থেকেই পালানোর চেষ্টা বলে অনুমান। বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত খামতি খতিয়ে দেখা হচ্ছে।
