আজকের দিনেবাংলার আয়না

ত্রিকোণ প্রেমে খুন দশম শ্রেণির ছাত্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ত্রিকোণ প্রেমের জেরেই খুন হল মাটিগাড়ার এক নাবালক পড়ুয়া এমনটাই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। দিন দু’য়েক নিখোঁজ থাকার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি চা বাগান থেকে উদ্ধার হয় দশম শ্রেণির ওই ছাত্রের দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালক মাটিগাড়ির শিমুলতলা এলাকার বাসিন্দা। শনিবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে মাটিগাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। কিন্তু তাতেও দ্রুত কোনও ফল না মেলায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখায় পরিবার।
এরপরই তদন্তে গতি আনে পুলিশ। মোবাইল ও কল রেকর্ডিং ট্র্যাক করে নাবালকের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, শনিবার ওই নাবালককে ডেকে নিয়ে গিয়েছিল তারই পরিচিত রাজ পাসোয়ান (বয়স ২৪)। সেখানে দু’জনের মধ্যে হাতাহাতি হয় এবং মারধরের জেরে ওই নাবালকের মৃত্যু হয় বলে পুলিশের অনুমান।

এই ঘটনার সময় সেখানে আরও এক নাবালক উপস্থিত ছিল বলে জানতে পারে পুলিশ। ফোন রেকর্ডের সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সোমবার গভীর রাতে সুকনার একটি চা বাগান এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এক বান্ধবীকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। যদিও ঠিক কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনও তদন্তসাপেক্ষ। এই ঘটনায় এক নাবালককে আটক করে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হবে। তবে মূল অভিযুক্ত রাজ পাসোয়ান এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই প্রসঙ্গে ডিসিপি রাকেশ সিং জানান, “ঘটনার নেপথ্যে ত্রিকোণ প্রেমের বিষয়টি উঠে এসেছে। যেহেতু ধৃত একজন নাবালক, তাই তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *