আজকের দিনেতিলোত্তমাবিশ্ব

Laser Flash-Kolkata : লেজারের ঝলক ককপিটে, দিশেহারা পাইলট! ১৫৯ যাত্রী নিয়ে কলকাতার আকাশে চক্কর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , কলকাতা : – কলকাতা বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই বড়সড় বিপত্তির মুখে পড়ল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। ককপিটে আচমকাই তীব্র লেজার রশ্মি এসে পড়ায় সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়েন পাইলট। বিমানে তখন ছিলেন ১৫৯ জন যাত্রী। নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর শেষ পর্যন্ত নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

শনিবার রাতে কুয়ালালামপুর থেকে কলকাতাগামী Malaysia Airlines-এর MH-184 বিমানটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগোচ্ছিল। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ রানওয়ে থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় মধ্যমগ্রাম-বারাসত দিক থেকে একটি তীব্র লেজার আলো বিমানের ককপিটে এসে পড়ে।

হঠাৎ তীব্র আলো ককপিটে পড়ায় মুহূর্তের জন্য সমস্যায় পড়েন পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপত্তার স্বার্থে বিমানটিকে কিছুক্ষণ আকাশে চক্কর দেওয়ানো হয়। বিমানের নির্ধারিত অবতরণের সময় ছিল রাত ১১টা ২০ মিনিট। তবে ঘটনার পর প্রায় পাঁচ মিনিট পরে, রাত ১১টা ২৫ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

ঘটনার পর বিমান সংস্থার তরফে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর NSCBI Airport Police Station-এ অভিযোগ দায়ের করা হয়েছে। কোথা থেকে ওই লেজার রশ্মি ছোড়া হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে লেজার লাইট ব্যবহার নিষিদ্ধ। কারণ বিমান অবতরণ বা উড্ডয়নের সময় ককপিটে লেজার রশ্মি পড়লে পাইলটের দৃষ্টিশক্তি সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এর ফলে বিমান নিয়ন্ত্রণে গুরুতর সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি বড় দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

কলকাতায় এর আগেও বিমান চলাচলের ক্ষেত্রে লেজার লাইট নিয়ে উদ্বেগের ঘটনা সামনে এসেছে। ২০২৫ সালের দুর্গাপুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপের লেজার শো নিয়েও পাইলটদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে সেই লেজার শো বন্ধ করে দেওয়া হয়।

এবার মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে লেজার রশ্মি পড়ার ঘটনায় ফের সামনে এল বিমানবন্দরের আশপাশে লেজার ব্যবহারের ঝুঁকি। ১৫৯ জন যাত্রীকে নিয়ে বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করলেও, সামান্য কয়েক মিনিটের এই ঘটনায় বড় বিপদের সম্ভাবনা তৈরি হয়েছিল। এখন পুলিশের তদন্তে লেজারের উৎস এবং এর নেপথ্যে কারা রয়েছে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *