RN RAVI : ১৪ আগস্ট ‘দেশ বিভাজন দিবস’ পালনের আর্জি রাজ্যপাল আরএন রবির
কিউ ইন্ডিয়া বাংলা , কলকাতা :- স্বাধীনতা দিবসের আগের দিন দেশভাগের ‘অন্ধকার অধ্যায়’ মনে করিয়ে দিতে চান রাজ্যপাল আরএন রবি (RN RAVI)। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে ১৪ আগস্ট ‘দেশ বিভাজন দিবস’ হিসেবে পালনের আর্জি জানিয়েছেন তিনি। তাঁর মতে, নতুন প্রজন্মের জানা উচিত সেই যন্ত্রণার কথা, যার শিকার হয়েছিল লক্ষ লক্ষ মানুষ।
লোকভবন থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ১৯৪৭ সালের ১৪ আগস্ট ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে উঠেছিল কাঁটাতার। সেই দিন লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন, প্রাণ হারান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গ (RN RAVI) । রাজ্যপালের যুক্তি, শুধু ১৫ আগস্ট স্বাধীনতার আনন্দ উদযাপন নয়, তার আগের দিনের যন্ত্রণাও উপলব্ধি করা জরুরি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতের ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মের অবহিত হওয়া প্রয়োজন। যাঁরা দেশভাগের শিকার তাঁদের কথা জানার পাশাপাশি, যারা বিভাজন ঘটাতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।”এদিকে রাজ্য সরকার স্বাধীনতা দিবস ঘিরে বাড়তি উদ্যোগ নিয়েছে। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। রাজ্যের বিভিন্ন ব্লকে ৭০ হাজার জাতীয় পতাকা বিলি করা হবে। ১০ আগস্ট আকাশবাণী ভবনের সামনে নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নং গেট পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। সেই মিছিলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও থাকবেন।তবে রাজ্যপালের পরামর্শমতো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ১৪ আগস্ট আলাদা করে ‘দেশ বিভাজন দিবস’ পালিত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
স্বাধীনতার উৎসবের আগে দেশভাগের স্মৃতিকে জায়গা দেওয়া উচিত কিনা, তা নিয়ে রাজনৈতিক ও শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে। রাজ্যপালের এই আর্জি নতুন প্রজন্মকে ইতিহাসের কঠিন অধ্যায়ের মুখোমুখি দাঁড় করাবে বলেই মনে করছেন অনেকে।
