জঙ্গলে মিলল ক্ষতবিক্ষত দেহ, পরকীয়া-সূত্রেই খুনের অভিযোগ
কিউ ইন্ডিয়া বাংলা :- মালদহের বামনগোলা থানার মদনামতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা বেলডাঙা এলাকায় স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ফাঁকা মাঠের ঝোপঝাড় থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুভাষ রায় (৪৮)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং মদনাবতি গ্রাম পঞ্চায়েতের বেলডাঙা এলাকার বাসিন্দা। অভিযোগ, শনিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সুভাষকে খুন করা হয়। শনিবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন রবিবার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি কাঠ মিলের পাশের জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত হিসেবে রাজু রায়কে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আটক করা হয়েছে তাঁর স্ত্রী আরতি রায়কেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রাজু রায় দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন। কয়েকদিন আগে তিনি নিজের স্ত্রী আরতি রায়ের সঙ্গে সুভাষ রায়কে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন বলে তদন্তকারীদের অনুমান।
পুলিশের ধারণা, সেই ঘটনার জের ধরেই শনিবার সুভাষকে ডেকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে কুপিয়ে খুন করা হয়। যদিও তদন্তের স্বার্থে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে।
