২৪ ফেব্রুয়ারি থেকে একাদশ–দ্বাদশে কাউন্সেলিং
কিউ ইন্ডিয়া বাংলা :- একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে অবশেষে কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন । আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কাউন্সেলিং প্রক্রিয়া।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম পর্বের কাউন্সেলিং শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে। দ্বিতীয় পর্ব শুরু হবে দুপুর ২টো থেকে। ২০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিংয়ের জন্য অবহিতকরণ পত্র ডাউনলোড করতে পারবেন। একই দিনে শূন্যপদের বিস্তারিত তালিকাও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
প্রথম ধাপে যেসব বিষয়ে কাউন্সেলিং শুরু হবে সেগুলি হল নৃতত্ত্ব, গৃহবিজ্ঞান, সঙ্গীত, সাঁওতালি, কৃষিবিজ্ঞান, হিসাববিজ্ঞান (বাংলা, হিন্দি ও উর্দু মাধ্যম) এবং শারীর শিক্ষা। কমিশনের সূচি অনুযায়ী, একই দিনে একই সময়ে সর্বাধিক তিনটি বিষয়ের কাউন্সেলিং রাখা হয়েছে। তবে এখনও বিভাগভিত্তিক বিদ্যালয়ের শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়নি।
কমিশনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময় ও নিয়ম মেনে কাউন্সেলিংয়ে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনীয় নথিপত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থীর সুযোগ বাতিল হতে পারে। পরবর্তীতে অন্যান্য বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ পৃথকভাবে জানানো হবে।
