আজকের দিনেখেলাবিশ্বভারত

World Cup-Food : বিশ্বকাপে খাবার-যুদ্ধ: ৩০০ কেজি মাছ ও চিজ় নিয়ে আমেরিকায় হাল্যান্ডের নরওয়ে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ২৮ বছরের অপেক্ষার অবসান। ১৯৯৮ সালের পর আবার বিশ্বকাপের মঞ্চে নরওয়ে। ৯ দিন পর শুরু হতে চলা ফিফা বিশ্বকাপে নামার আগেই আলোচনায় হাল্যান্ড-ওডেগার্ডরা। সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে দলের সঙ্গে আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০০ কেজি নরউইজিয়ান লাল মাছ ও ১১৬ কেজি বিখ্যাত ব্রাউন চিজ়।

১৯৯৮ সালের পর টানা ছ’টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় নরওয়ে। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ভাইকিংরা। ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গেছে গোটা দল। স্কোয়াডে আছেন ম্যান সিটির তারকা আর্লিং হাল্যান্ড ও আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

নরওয়ে শিবিরের মতে, মাঠে সেরা খেলার জন্য শরীর ও মন দুটোই চাঙ্গা রাখা জরুরি। আর তার জন্য চাই পরিচিত ও পুষ্টিকর খাবার। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ তারা। দলের সঙ্গে আমেরিকায় গিয়েছেন দুই খ্যাতনামা শেফ অ্যারন এসপেল্যান্ড ও এইরিক তুফতে। ২০২০ টোকিও অলিম্পিক্সে পদকজয়ী নরওয়ে দলের রান্নার দায়িত্বেও ছিলেন অ্যারন। দীর্ঘদিনের টিম শেফের সঙ্গে মিলে তাঁরা হাল্যান্ডদের জন্য বিশেষ ডায়েট চার্ট তৈরি করবেন।

কেন এত মাছ? শেফ অ্যারন এসপেল্যান্ডের সাফ কথা, ‘সেরা খাবারের জন্য প্রয়োজন সেরা নরউইজিয়ান উপকরণ। আমরা চাই ফুটবলাররা বাড়ির স্বাদ পাক। আমেরিকায় দাঁড়িয়ে যদি বলতে পারি এই হ্যালিবাট মাছ কে ধরেছেন বা টম্যাটোটা কোন খামারের, সেটা আত্মবিশ্বাস বাড়ায়।’ তিনি জানান, নরওয়ে থেকে আমেরিকায় আধ টন মাছ ও চিজ় পাঠানো সহজ নয়। কোল্ড চেন বজায় রেখে খাবারের গুণমান ঠিক রাখতেই একসঙ্গে সবটা নিয়ে আসা হয়েছে। মেনুতে থাকছে হ্যালিবাট, স্যামন-সহ নানা ধরনের লাল মাছ, সঙ্গে ব্রাউন চিজ়, রাই ব্রেড ও বেরি।

৭ জুন মরক্কোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে নরওয়ে। ১৬ জুন ইরাকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ অভিযান। I গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ফ্রান্স ও সেনেগাল। ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে কোনও ফাঁক রাখতে চাইছে না নরওয়ে। অনুশীলন থেকে খাদ্যাভ্যাস— সবেতেই নিখুঁত পরিকল্পনা। হাল্যান্ড-ওডেগার্ডদের বিশ্বাস, নিজেদের দেশের মাছ-চিজ়ই মাঠে বাড়তি এনার্জি জোগাবে। এবার দেখার, ৩০০ কেজি মাছের ‘ডায়েট প্ল্যান’ নরওয়েকে কতদূর নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *