সপ্তাহান্তে মিলবে আরাম ? জানাল হাওয়া অফিস
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গত কয়েকদিনে যেভাবে গরম বাড়তে শুরু করেছে, তাতে গলদঘর্ম অবস্থা বঙ্গবাসীর। ইতিমধ্যেই পশ্চিমের চার জেলায় গরম ও অস্বস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৪০ ডিগ্রি বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। আর এই তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ভিজবে কলকাতাও। এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর,
উত্তর-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর ফলে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস রাজ্যে প্রবেশ করছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এর পাশাপাশি স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হবে।
ঝড়-বৃষ্টি পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রবিবার থেকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের বেগ ৬০ কিলোমিটারে পৌঁছোতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
উত্তরের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি পূর্বাভাস
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে সারা সপ্তাহ ধরেই। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। হাওয়ার বেগ কোথাও থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, কোথাও তা পৌঁছে যেতে পারে ৬০ কিলোমিটারেও। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবারও ৪০ ডিগ্রি
আজ শুক্রবারও গরম ও অস্বস্তি চরমে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের চার জেলায় গরম ও অস্বস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি বা তার কিছু বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বাড়বে গরম। অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই। শুকনো পশ্চিমী হাওয়ায় গরম বাড়ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় অস্বস্তি চরমে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা
শনিবার পর্যন্ত সমুদ্রে কোনও সতর্কতা নেই। তবে রবিবার এবং সোমবার সমুদ্র উত্তাল থাকতে পারে। সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
