আজকের দিনেভারত

মন্দিরের শহর এখন পরকীয়ার শীর্ষে, বদলে যাচ্ছে ভারতীয় দাম্পত্যের সংজ্ঞা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: প্রাচীন মন্দির এবং বিশ্ববিখ্যাত সিল্ক শাড়ির জন্য সুপরিচিত তামিলনাড়ুর কাঞ্চীপুরম। তবে ধর্মীয় ঐতিহ্য আর সংস্কৃতির সেই পীঠস্থান এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে। ‘অ্যাশলে ম্যাডিসন’ -এর মতো পরকীয়ার ডেটিং প্ল্যাটফর্মের সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, বিবাহবহির্ভূত সম্পর্কের প্রবণতায় দেশের সব শহরকে পেছনে ফেলে টানা দু’বছর ধরে শীর্ষস্থান দখল করে রেখেছে কাঞ্চীপুরম।

পরিসংখ্যান অনুযায়ী, এই ডিজিটাল ট্রেন্ডে কেবল কাঞ্চীপুরমই নয়, তালিকার প্রথম চারটি স্থানই দক্ষিণ ভারতের শহরগুলোর দখলে। কাঞ্চীপুরমের পরেই পরকীয়ায় আগ্রহের নিরিখে রয়েছে কোয়েম্বাটোর, তিরুভাল্লুর এবং চেন্নাই। এই তথ্য স্পষ্ট করে দেয় যে, প্রথাগত সম্পর্কের গণ্ডি ভেঙে গোপন ডেটিংয়ের সংস্কৃতি এখন শুধুমাত্র বড় মেট্রো শহরের সীমাবদ্ধতা কাটিয়ে ছোট শহরগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিশ্বমঞ্চে ভারতের অবস্থান

লুকিয়ে ডেটিং বা বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতি ভারতীয়দের এই ক্রমবর্ধমান ঝোঁক কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে অ্যাশলে ম্যাডিসন অ্যাপের সদস্যপদ গ্রহণের তালিকায় ভারত গত বছরের অষ্টম স্থান থেকে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে। পাশাপাশি, ‘গ্লিডেন’ নামক অন্য একটি পরকীয়া ডেটিং অ্যাপের তথ্য অনুযায়ী, ভারতে তাদের ব্যবহারকারীর সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়ে গেছে, যা ভারতীয় সমাজ ও সম্পর্কে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নতুন দৃষ্টিভঙ্গির সন্ধানে ভারতীয় দম্পতি

কেন এই পরিবর্তন? অ্যাশলে ম্যাডিসনের চিফ স্ট্র্যাটেজি অফিসার পল কেবলের মতে, আধুনিক ভারতীয় প্রাপ্তবয়স্করা এখন পারস্পরিক যোগাযোগ, ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তিনি আরও জানান, “গোপনীয়তা বজায় রেখে নিজের মনের মতো সঙ্গী খোঁজার এই বাসনা এখন আর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা মানছে না”।

বিশেষজ্ঞদের মতে, সমাজ ও মনস্তত্ত্বে এই রূপান্তর এখন গভীর। ২০২৪ সালে গ্লিডেনের এক সমীক্ষায় দেখা গিয়েছিল, ভারতের ২৫ থেকে ৫০ বছর বয়সী বিবাহিত নারী-পুরুষের ৬০ শতাংশেরও বেশি প্রথাগত সম্পর্কের বাইরে গিয়ে অন্য কোনো আধুনিক বা অপ্রচলিত সম্পর্কে জড়াতে আগ্রহী। এমনকি ‘সুইংগিং’-এর মতো পাশ্চাত্য ধারণা নিয়েও ভারতীয়দের একাংশের মধ্যে প্রবল কৌতূহল ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।ধর্মীয় ঐতিহ্যের শহর কাঞ্চীপুরম থেকে শুরু করে আধুনিক মেট্রো শহর—সবখানেই দাম্পত্যের চিরাচরিত সংজ্ঞা আজ এক বড় পরীক্ষার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *