কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুমিত – নীরজের
কিউ ইন্ডিয়া বাংলা :- প্যারা অলিম্পিকে সোনা জয়ী ও অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল ও নীরাজ চোপড়া তাদের কোচ নাভাল সিঙ্গের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন । তিনি এই দুই খেলোয়ার কে মানসিকভাবে নির্যাতন করেছেন এমনই অভিযোগ উঠে আসছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে SAI এর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে SAI।
টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪—দুই প্যারা অলিম্পিকেই সোনা জেতা সুমিত অভিযোগ করেছেন, কোচ নাভাল সিং তাঁকে এবং নীরজ চোপড়াকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেছেন এবং তাঁদের পরিবারকেও নিয়ে কটূক্তি করেছেন। তাঁর আরও দাবি, ওই কোচ অপমান করে অডিয়ো বার্তা টিম ম্যানেজারদের পাঠাতেন, যাতে তা তাঁদের কাছে পৌঁছয়। সুমিত বলেন, ‘আমরা অনেকদিন বিষয়টা এড়িয়ে চলেছি। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই অভিযোগ জানাতে বাধ্য হয়েছি।’ তাঁর অভিযোগে সমর্থন জানিয়েছেন নীরজ চোপড়া ছাড়াও প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং ও সন্দীপ চৌধরি। অভিযোগের এক সপ্তাহ পরেও SAI-এর তরফে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুমিত। তাঁর প্রশ্ন, ‘আমাদের মতো অ্যাথলিটদের অভিযোগ যদি গুরুত্ব না পায়, তাহলে অন্যরা কী ভাবে ন্যায়বিচার পাবেন?’
এ দিকে সুমিত ইঙ্গিত দিয়েছেন, নাভাল সিং হয়তো ইচ্ছাকৃতভাবে দলের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। এর ফলে তিনি অন্য অ্যাথলিটদের এগিয়ে দিতে চান। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোচ লাভাল সিংয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
