আজকের দিনেভারত

অনুমতি ছাড়া দিল্লির এইমস এর নাম, লোগো ব্যবহার নয়, সোশ্যাল মিডিয়ায় রাশ টানতে কড়া সিদ্ধান্ত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়া দিল্লি:- যত্রতত্র আর ব্যবহার করা যাবে না দিল্লির এইমসের নাম। অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় দিল্লির এইমস, প্রতীক বা চিহ্ন ব্যবহার করে কোনও ছবি বা লেখা প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মী থেকে শুরু করে পড়ুয়া, আবাসিক সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য থাকবে। এইমস দিল্লি কর্তৃপক্ষের তরফে এই নিয়ম কার্যকর করা হবে খুব শীঘ্রই। কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই সেখানে এমস দিল্লি নামের অপব্যবহার কিংবা অননুমোদিত উপস্থাপনা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই সংশ্লিষ্ট বিষয়টি মাথায় রেখে এই নিয়ম জারি করা হবে। এই বিষয়ে রেজিস্টার ও অধ্যাপক গিরিজা প্রসাদ রথ জানান, প্রতিষ্ঠানের পড়ুয়া, আবাসিক, সিনিয়র, জুনিয়র রেসিডেন্ট, চিকিৎসক, আধিকারিক, অধ্যাপক, শিক্ষক এবং কর্মী সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য থাকবে। এছাড়াও প্রতিষ্ঠানের ছাত্র, চিকিৎসক সংগঠন সকলকে এই নিয়ম মেনে চলতে হবে।

এইমস দিল্লির তরফে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নাম বা প্রতীক চিহ্ন ব্যবহার করার জন্য আলাদা করে অনুমতি নিতে হবে। প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে যদি কেউ কোনও ছবি, লেখা কিংবা পোস্টার তৈরি করে থাকেন, সেক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। তবে রোগীর তথ্য বা ছবি প্রকাশ করা যাবে না। আলাদা করে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে দিল্লির এইমস। অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের নাম বা প্রতীক ব্যবহার করলে বিজ্ঞপ্তি জারির ১২ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *