হরমুজে কাটল জট: ইরান-মার্কিন মউ-এর পর তেল-সার নিয়ে প্রণালী পেরোল ১১ ভারতীয় জাহাজ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পশ্চিম এশিয়ায় উত্তেজনা কিছুটা কমতেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হল তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ। গত ১৭ জুন ইরান ও আমেরিকার মধ্যে মউ স্বাক্ষরের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে নয়াদিল্লির।
কেন্দ্রীয় বিদেশ-মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, গত সপ্তাহে ইরান-মার্কিন সমঝোতার পর ভারত থেকে আরও দুটি জাহাজ পারস্য উপসাগরের দিকে রওনা হয়েছে। বর্তমানে সেখানে ভারতীয় পতাকাবাহী ১০টি জাহাজ অবস্থান করছে, যেগুলি সংঘাতের সময় আটকে পড়েছিল। এছাড়া নতুন করে আরও দুটি জাহাজ ঢুকেছে, ফলে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
১৭ জুনের মউ-এর পর মোট ১১টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে আছে ভারতের পতাকাবাহী ৩টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার, প্রতিটিতে ২ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন তেল। এছাড়া একটি বিদেশি পতাকাবাহী তেলের ট্যাঙ্কার, একটি এলপিজিবাহী জাহাজ এবং সার বোঝাই ৬টি বিদেশি বাল্ক কেরিয়ার।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকার সংঘর্ষ শুরুর পর তেহরান হরমুজ প্রণালীর বড় অংশ বন্ধ করে দেয়। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। ভারত বারবার অবাধ জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। ১৪ দফা মউতে আরও সমঝোতার রাস্তা খোলা রেখেছে দুই দেশ।
ইরান-আমেরিকার মউ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হওয়ায় আপাতত স্বস্তিতে ভারত। জ্বালানি ও সার আমদানি স্বাভাবিক থাকলে দেশের বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে বিদেশ-মন্ত্রক।
