Weather : সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে বাড়ছে দুর্ভোগ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই গত কয়েকদিন ধরে ভারী থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলছে।মঙ্গলবারের ঝড়বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রভাব পড়েছে,কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও আবার বজ্রপাতে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আজ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা রয়েছে। বৃহস্পতিবারও কয়েকটি জেলায় একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতার ক্ষেত্রেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শহরের জন্য বিশেষ কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা জল জমার মতো সমস্যা দেখা দিতে পারে।
সমুদ্রেও আবহাওয়া অনুকূলে নেই। উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
