আজকের দিনেতিলোত্তমা

চটি, জুতো ও গয়না পরিধানে পরীক্ষাকেন্দ্রে নিষেধাজ্ঞা এসএসসি-র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় বসতে গেলে আর জুতো পরে ঢোকা যাবে না। জুতোর বদলে বাধ্যতামূলকভাবে পরতে হবে চটি। পুরুষ ও মহিলা সব পরীক্ষার্থীর জন্যই এই নির্দেশ জারি করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জুতোর ভিতরে মোবাইল বা ছোট বৈদ্যুতিন যন্ত্র লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই ধরনের জালিয়াতি ও নকল রুখতেই এই কড়া পদক্ষেপ। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

শুধু জুতো নয়, পরীক্ষাকেন্দ্রে কোনও রকম অলংকার, মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। হাতে ঘড়ি পরাও যাবে না। পরীক্ষার্থীদের জলভর্তি বোতল ও পেন স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) হতে হবে এ কথাও স্পষ্ট করে জানানো হয়েছে নির্দেশিকায়। নিষিদ্ধ সামগ্রী নিয়ে কেউ ধরা পড়লে তাঁর পরীক্ষা বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে, নজরদারির কাজে পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন কড়া অবস্থান নিয়েছে।

আগামী ১ মার্চ গ্রুপ সি-র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ্রুপ ডি-র পরীক্ষা নির্ধারিত ৮ মার্চ। ইতিমধ্যে পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন। এ বছর গ্রুপ সি ও ডি মিলিয়ে মোট ৮৪৭৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রায় ১৭ লক্ষ চাকরিপ্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে কমিশন সূত্রে খবর।
পরীক্ষার আগে এমন কড়া বিধিনিষেধে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়েছে পরীক্ষার্থীদের মধ্যে। তবে কমিশনের বক্তব্য, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতেই এই কঠোরতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *