গাড়িতে ঝুলে নিরাপত্তারক্ষী! কালীঘাট থানার নোটিসের জবাব এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গাড়ির পাদানিতে ঝুলে যাতায়াত করা নিরাপত্তারক্ষীদের ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটর ভেহিক্যাল অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে কালীঘাট থানার পাঠানো নোটিসের জবাব দেওয়ার শেষ দিন ছিল শনিবার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় কোনও নথিপত্র জমা পড়েনি। ফলে ফের নোটিস পাঠানোর পথে হাঁটতে পারে পুলিশ।
ঘটনার সূত্রপাত বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা এফআইআর। বৃহস্পতিবার কালীঘাট থানায় অভিযোগ জানিয়ে তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে দু’জন নিরাপত্তারক্ষী অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলে যাতায়াত করছেন।
অভিযোগপত্রে রাজীব সরকার উল্লেখ করেন, মোটর ভেহিক্যাল অ্যাক্টের ১২৩ ধারা অনুযায়ী চলন্ত গাড়িতে চালক বা আরোহী কেউই ঝুলে যাতায়াত করতে পারেন না। পাশাপাশি ১৮৪ ধারা অনুযায়ী বিপজ্জনকভাবে গাড়ি চালানো বা যাতায়াত করা দণ্ডনীয় অপরাধ। এই কারণেই অভিষেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানা অভিষেককে নোটিস পাঠিয়ে জরুরি নথিপত্র তলব করে। পুলিশের তরফে জবাব দেওয়ার জন্য শনিবার পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার দিন পেরিয়ে গেলেও সাংসদের তরফে কোনও উত্তর বা কাগজপত্র থানায় পৌঁছয়নি।
পুলিশ সূত্রে খবর, এই অবস্থায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অভিষেককে ফের নোটিস পাঠানো হতে পারে।
এই ঘটনা নতুন করে অস্বস্তি বাড়িয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের। দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই ইডি-সিবিআইয়ের নজরে রয়েছেন তিনি। পাশাপাশি সই জাল কাণ্ড এবং ‘ডিজে’ মন্তব্য মামলাতেও চাপ বাড়ছে। ‘ডিজে’ মন্তব্য মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে সিআইডি বলেও জানা গিয়েছে।
মোটর ভেহিক্যাল আইন লঙ্ঘনের অভিযোগ হোক বা অন্য মামলা – একের পর এক আইনি জটে জড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থানার নোটিসের জবাব না দেওয়ায় তদন্ত আরও জোরদার হবে বলেই মনে করছে পুলিশ মহল।
