যোগী সাক্ষাতে সঞ্জয় দত্ত, বিজেপিতে যোগদান করছেন কী মুন্নাভাই ?
কিউ ইন্ডিয়া বাংলা:- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সঙ্গে সাক্ষাতে বলিউডের সঞ্জু বাবা । এক্স হ্যান্ডেলে যোগী আদিত্যনাথ এর সাথে নিজের ছবি পোস্ট করেন অভিনেতা সঞ্জয় দত্ত । ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার পর শুরু হয়ে যায় সঞ্জু বাবার বিজেপি যোগের গুঞ্জন ।
সূত্রের খবর, বিজেপি বিধায়ক রাজেশ্বর সিংয়ের আমন্ত্রণে লখনউয়ের এক কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য সম্প্রতি উত্তরপ্রদেশে গিয়েছিলেন সঞ্জয় দত্ত। , গেরুয়া শিবিরের বিধায়কের সঙ্গে যৌথ উদ্যোগে সরোজিনী নগরকে ‘সুজলা-সুফলা’ বানানোর অভিযানে নেমেছেন বলিউড অভিনেতা। সেই প্রেক্ষিতেই এদিন উত্তরপ্রদেশ এর রাজধানী লখনউতে এক রোড শো করে বক্তৃতা রাখেন সঞ্জুবাবা। আর কাজ সেরেই সেখান থেকে সোজা পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে। সেই সাক্ষাৎ পর্বের মুহূর্ত এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন খোদ সঞ্জয় দত্ত। পাশাপাশি যোগীর আপ্যায়ণে মুগ্ধতাও প্রকাশ করেন তিনি। এর পর থেকে শুরু হয়েছে ফিসফাস । তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত? কংগ্রেস ঘনিষ্ট পরিবার থেকে আসেন বলিউডের অভিনেতা । বাবা সুনীল দত্ত পরপর পাঁচবার কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হয়েছেন । আমৃত্যু পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী । বোন প্রিয়া দত্ত কংগ্রেসের সাংসদ ছিলেন। লোকসভা নির্বাচনের সময় বোন প্রিয়ার হয়ে ভোটপ্রচার করতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকেও।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে লড়ার কথা ছিল বলিউডের মুন্নাভাই এর । কিন্তু আইনি জটিলতার কারণে সেবার নির্বাচনে লড়া হয়ে ওঠেনি। আগামী মার্চেই রাজ্যসভার কিছু ফাঁকা হওয়া আসনে নির্বাচন হতে চলেছে । সেখানে কি বিজেপির পক্ষ থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় যাবেন সঞ্জয় দত্ত? এই ঘটনা কি তারই ইঙ্গিত ? যোগী সাক্ষাতের পর এই নিয়ে নেটমাধ্যমে প্রবল গুঞ্জন সৃষ্টি হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে করমর্দনের ছবি ভাগ করে নিয়ে সঞ্জুবাবার মন্তব্য, “মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে লখনউয়ে দেখা করে খুবই ভালো লাগল। আমাদের মধ্যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার যে আদানপ্রদান হল, তা সত্যিই প্রশংসনীয়।” আর বলিউড তারকার এহেন পোস্ট এর পর থেকে রাজনৈতিক যোগের গুঞ্জন শুরু হয়েছে নেটমাধ্যমে । যদিও সঞ্জয় দত্তের ঘনিষ্ট সূত্রের দাবি এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই ।
