ক্রিকেটে এবার নতুন ভূমিকায় রাহুল দ্রাবিড়-রবিচন্দ্রন অশ্বিন
কিউ ইন্ডিয়া বাংলা:- ক্রিকেটে এবার নতুন ভূমিকায় দেখা যেতে চলছে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে । কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মালিকানা নিতে চলেছেন । সূত্রের খবর ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ বা ETPL-এর একটি ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে চলেছেন তাঁরা।
প্রসঙ্গত , বিশ্বের টি-টোয়েন্টি লিগে ভারতীয়দের প্রভাব নতুন নয়। IPL-এর পর CPL, IL20, SA20, MLC, দ্য হান্ড্রেডে বিনিয়োগ করেছেন ভারতীয়রা। এ বার এই ক্রিকেটের ব্যবসায় পা রাখতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ ও কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও তাঁর সঙ্গী হচ্ছেন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ETPL-এর একটি ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে চলেছে ভারতীয়দের কনসর্টিয়াম। সেটির অংশ হতে চলেছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। এই কনসর্টিয়াম গ্লাসগো ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে চলেছে। পাশাপাশি এই টুর্নামেন্টের আরও এক নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজ়ি বিক্রি হচ্ছে। সেটা কিনতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন ও জন্টি রোডস। ইতিমধ্যেই আমস্টারডাম, বেলাফাস্ট ও এডিনবার্গ ফ্র্যাঞ্চাইজ়ি কিনেছেন অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডের বিনিয়োগকারীরা।
তবে দলের মালিকানায় যোগ দিলেও অশ্বিন এই দলের হয়ে খেলবেন কি না জানা যায়নি। বা দ্রাবিড়কে কোচ বা মেন্টর হিসাবে দেখা যাবে কি না সেটাও বলা হয়নি। আসন্ন গ্রীষ্মকালে ছয়টি ফ্র্যাঞ্চাইজ়ি নিয়ে শুরু হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। মনে করা হচ্ছে চলতি মাসের শেষেই ETPL নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
