PURI KHAJA : পুরীর খাজাতেও বিষ! স্বর্গদ্বারে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের, নষ্ট করা হল ৪ কুইন্টাল খাজা
কিউ ইন্ডিয়া বাংলা, পুরী:- পুরী মানেই জগন্নাথ দেব আর তাঁর মহাপ্রসাদ খাজা (PURI KHAJA )। সেই বিখ্যাত খাজার গুণমান নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। খাদ্য সুরক্ষা বিধি না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে খাজা তৈরির অভিযোগে মন্দির চত্বর ও স্বর্গদ্বার সৈকতে অভিযান চালাল প্রশাসন।
রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং আশপাশের এলাকায়। সঙ্গে ছিলেন সিটি ডিএসপির নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ভক্তদের কাছে চড়া দামে নিম্নমানের ও নকল খাজা বিক্রির (PURI KHAJA )অভিযোগ বারবার আসছিল। তার ভিত্তিতেই এই সারপ্রাইজ অভিযান।
আধিকারিকদের দাবি, দোকানগুলিতে খারাপ মানের তেল ও বহু পুরনো রস ব্যবহার করা হচ্ছিল। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাজা (PURI KHAJA )। কোনও খাদ্য সুরক্ষা বিধিই মানা হয়নি। জগন্নাথ মন্দিরের মূল দ্বারের কাছে চারটি বড় দোকানের বিরুদ্ধে মূলত অভিযোগ ওঠে। অভিযানে প্রায় ৪ কুইন্টাল খাজা নষ্ট করা হয় এবং দোকান মালিকদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পুরী ফেরত বাঙালি পর্যটকদের কাছে আত্মীয়-বন্ধুদের জন্য খাজা আনা প্রায় রীতি। এই ঘটনায় সেই খাজার সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠল। অভিযুক্তদের সতর্ক করা হলেও ভবিষ্যতে এমন অভিযান জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
