TMC NEW SYMBOL : প্রতীক যুদ্ধে আপাতত ইতি! মমতা শিবির পেল ‘ফুটবলার’, ঋতব্রত শিবিরের ‘খাম’
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনে আপাতত অন্তর্বর্তী সমাধান দিল নির্বাচন কমিশন (TMC NEW SYMBOL)। উপনির্বাচনের জন্য মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই আলাদা নাম ও প্রতীক বরাদ্দ করা হল।
দীর্ঘদিন ধরে তৃণমূলের আসল দাবিদার কে, তা নিয়ে কমিশনে চাপানউতোর চলছিল (TMC NEW SYMBOL)। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই শিবিরই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে আসছিল। ঘাসফুল প্রতীক কার, তা নিয়ে চলছিল দড়ি টানাটানি। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আপাতত কোনও শিবিরই ঘাসফুল প্রতীক ব্যবহার করতে পারবে না (TMC NEW SYMBOL)। পরিবর্তে অন্তর্বর্তী নাম ও প্রতীক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম হবে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং তাদের প্রতীক ‘ফুটবলার’। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘খাম’।
কমিশন সূত্রে খবর, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে এই নাম ও প্রতীকেই লড়তে হবে দুই শিবিরের প্রার্থীদের। চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে।
যদিও কালীঘাট শিবির এই সিদ্ধান্তকে অন্তর্বর্তী বলেই দেখছে। দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, উপনির্বাচনের পর তাঁরা ফের ঘাসফুল প্রতীক ফিরে পাওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানাতে পারেন। ফুটবলার প্রতীক নিয়ে আপাতত লড়লেও আসল লক্ষ্য ঘাসফুলই।
অন্যদিকে ঋতব্রত শিবির খাম প্রতীক পেয়ে খুশি। তাদের বক্তব্য, কমিশন নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
ঘাসফুল নিয়ে দড়ি টানাটানি আপাতত থামলেও চূড়ান্ত ফয়সালা এখনও বাকি। ফুটবলার বনাম খামের এই নতুন লড়াই নন্দীগ্রাম ও রেজিনগরের ভোটে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
