প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ ও মর্মান্তিক পরিণতি ঘিরে টলিউডে এখন শোক ও ক্ষোভের মিশেল। গত রবিবার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে তাঁর মৃত্যুর ঘটনায় এবার সরাসরি আইনি লড়াইয়ের পথে হাঁটছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বুধবার বেলা তিনটে নাগাদ গলফগ্রিন থানায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা তাঁর। রাহুলের মৃত্যুর ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো বিবৃতি না আসায় ক্ষোভ বাড়ছে শিল্পী মহলে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ক্ষতিপূরণ ও তদন্তের দাবি তুলেছে। অভিযোগ উঠেছে, আউটডোর শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা ও জীবনবিমার ক্ষেত্রে চরম গাফিলতি ছিল। এমনকি অতীতেও ওই সংস্থার সেটে শিল্পী মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বুধবার টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিচার করে ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে প্রিয়াঙ্কা সরকার নিজেও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং প্রয়োজনে কর্মবিরতির ডাক দেওয়ার মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও দক্ষিণ কলকাতার অন্য একটি থানায় পৃথকভাবে অভিযোগ জানানো হতে পারে।
সেলেবপাড়ার সিংহভাগ তারকা এখন রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব। টেকনিশিয়ান স্টুডিওতে পূর্বনির্ধারিত মিটিং বাতিল হলেও, মঙ্গলবার রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও একটি আলোচনা সভা হওয়ার খবর পাওয়া গিয়েছিল। মোটের ওপর, রাহুলের মৃত্যু টলিপাড়ার নিরাপত্তা পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। প্রযোজনা সংস্থার নীরবতা কবে ভাঙবে এবং পুলিশি তদন্তে কোনো গাফিলতির প্রমাণ মেলে কি না, এখন সেটাই দেখার।
