NEPAL : নেপালে হড়পা বানে বিপর্যস্ত পর্যটন, পুজোর মুখে উত্তরে ধাক্কা – নেপালে আটকে কলকাতার ৩২ পর্যটক
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজোর মুখে হড়পা বানে ভেসে গেল নেপালের পর্যটন নির্ভর অর্থনীতি (NEPAL) । এর প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের পর্যটনেও, মাথায় হাত ব্যবসায়ীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী নেপালে আটকে রয়েছেন কলকাতার ৩২ জন পর্যটক।
সবে মাত্র পুজোর বুকিং শুরু হয়েছিল। এই বিপর্যয়ে এবার বাতিলের হিড়িক পড়বে বলে আশঙ্কা (NEPAL) । পশ্চিমবঙ্গ টুরিজম সংগঠনের কর্তা বাচ্চু চৌধুরী বলেন, “নেপালের বিপর্যয় আমাদের কাছেও বড় আঘাত। পুজোর সময় বাঙালি বেশি যায় নেপালে, কিন্তু এবার আর যাবে বলে মনে হয় না। এর প্রভাবে উত্তরবঙ্গে আসার পরিকল্পনাও বাতিল করবেন অনেকে।”
এদিকে নেপালে (NEPAL) আটকে থাকা পর্যটকদের নিয়ে উদ্বেগ বাড়ছে। নেপাল টুরিজম বোর্ডের ডিজি রামচন্দ্র তিওয়ারি জানান, “ভারতীয়রা অনেকেই নিখোঁজ, হেল্পলাইন খোলা হয়েছে। বিদ্যুৎ নেই, মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে।” কলকাতায় নেপালের কনসাল জেনারেল ঝক্করপ্রসাদ আচারিয়া সর্বশেষ তথ্যের জন্য যোগাযোগ রাখছেন। তাঁর দপ্তর জানিয়েছে, নুয়াকোট ও ধান্দিং জেলা ধুয়েমুছে সাফ হয়ে গেছে। গোঁসাইকুণ্ড ট্রেকিং রুট ও মানস সরোবর যাত্রাপথও ব্যাপক ক্ষতিগ্রস্ত।
নেপালের বিমানভাড়া আকাশছোঁয়া হওয়ায় সড়কপথই ভরসা ছিল বাঙালি পর্যটকদের। সেই সড়ক বেঁচে থাকলেও বিপর্যয়ে বেড়াতে যাওয়ার মানসিকতাই শেষ হয়ে গেল বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।
