‘ব্যর্থতার দায় আমার’, টাইব্রেকারে হেরে নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপ স্বপ্নভঙ্গের দায় নিজের কাঁধে নিলেন রোনাল্ড কোম্যান। মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় নেদারল্যান্ডসের। তারপরই ৬৩ বছরের কিংবদন্তি কোচ ইনস্টাগ্রামে জানালেন ইস্তফার কথা।
মঙ্গলবার ভোরে মরক্কোর কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হার মানে ডাচরা। গ্রুপ পর্বে ৪-৩-৩ ছকে খেলা দল হঠাৎ রাউন্ড অফ ৩২-এ ৫-২-৩ ফর্মেশনে নামে। রক্ষণাত্মক কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়েন কোম্যান। জ্লাটান ইব্রাহিমোভিচ কড়া ভাষায় বলেন, “ভীতুর মতো খেলেছে। এই হার কোম্যানের ভুলে। ডাচ ঘরানার ছাপই ছিল না।” ইনস্টাগ্রামে কোম্যান লেখেন, ‘বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন পূরণ হয়নি। এই ব্যর্থতার দায় আমার। আজ নেদারল্যান্ডসের হেডকোচ হিসাবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ ২০২৩ সালে দ্বিতীয়বার দায়িত্ব নেন তিনি। ২০১৮ থেকে ২০২০ সালেও কোচ ছিলেন। তাঁর আমলে ২০২৪ ইউরোতে সেমিফাইনাল খেলেছিল কমলা বাহিনী। কিন্তু বিশ্বকাপে টানা তিনবার টাইব্রেকারে ভুগল ডাচরা। ২০১৪, ২০২২ এর পর এবারও পেনাল্টি শুটআউটেই শেষ স্বপ্ন।
সমালোচনার জবাবে কোম্যান বলেন, “জিতলে আমার সিদ্ধান্তের প্রশংসা হত। আমরা ভয় পেয়ে পাঁচ ডিফেন্ডার খেলাইনি। বল পজেশন বেশি রাখতে এই পরিকল্পনা ছিল। আমার প্লেয়াররা ক্লান্ত ছিল।” ভাগ্যকেও দুষলেন তিনি।
কোম্যান যুগ শেষ। এবার প্রশ্ন, উত্তরসূরি কে? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, দৌড়ে এগিয়ে আর্নে স্লট। লিভারপুলের বর্তমান কোচকে ডাচ ফুটবল ফেডারেশন ভাবছে বলে জোর জল্পনা। নতুন কোচের হাত ধরে ডাচ ঘরানা ফেরাতে পারবে কি নেদারল্যান্ডস? উত্তর দেবে সময়।
