আজকের দিনেআবহাওয়া

দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যজুড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গরমের দাপট যেন কমতেই চাইছে না। বৃষ্টিরও সেভাবে দেখা নেই। কিন্তু আকাশে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কালো মেঘ। যদিও মাটি ভেজার নাম নেই। যার ফলে বাড়ছে অস্বস্তি।  কিন্তু সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে খবর, শনিবার রাত থেকেই বদলাতে শুরু করে দিয়েছে আবহাওয়া। আকাশে ঘন কালো মেঘ দেখা গিয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে। এমনকী উত্তরবঙ্গও ভিজেছে। তবে আজ থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর , পূর্ব বিহারের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়বৃষ্টির জন্য এখনই অস্বস্তি থেকে রেহাই মিলবে না বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় আবহাওয়া কেমন যাবে
আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই ভিজতে পারে কলকাতা। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনাও প্রবল। শনিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও কমতে পারে।

 

কোন কোন জেলায় আজ ঝড়বৃষ্টি
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেই তালিকায় নদিয়া থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ রয়েছে। এই সব জেলার কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিমি বেড়ে ঝড় বইবার সম্ভাবনা থাকছে। এমনকী কোনও কোনও জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। আর দক্ষিণের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির প্রভাব কমবে। তবে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

 

কতদিন পর্যন্ত বৃষ্টি
২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির আশা রয়েছে। এমনকী ২ মে শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। যার ফলে ধাপে ধাপে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *