আজকের দিনেভারত

ত্রাণ নিয়ে আজ ভেনেজুয়েলায় পৌঁছে গেল ভারতের মিশন অপারেশন আমিস্তাদ, কাজ শুরু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- যখনই কোনও দেশে বিপর্যয় নেমে এসেছে, ভারত সেই দেশের পাশে দাঁড়িয়েছে। শত্রু-মিত্র না দেখে ভারত শুধু তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়ঙ্কর আঘাত হেনেছে পর পর দুটি জোরালো ভূমিকম্প। তছনছ হয়ে গেছে গোটা দেশটি। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় বিশেষ অপারেশন শুরু করেছে ভারত। যার পোশাকি নাম ‘অপারেশন আমিস্তাদ’। দুই বিমানে ত্রাণ পাঠিয়েছে ভারত। রবিবার সেই ত্রাণ সামগ্রী পৌঁছে ভেনেজুয়েলায়। এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘অপারেশন আমিস্তাদ’-এর আওতায় ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ইউনিট, উদ্ধারকারী দল এবং ত্রাণসামগ্রী তাদের কার্যক্রম শুরু করেছে।
স্প্যানিশ ভাষায় আমিস্তাদের অর্থ হল বন্ধুত্ব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মধ্য দিয়ে ভারত-ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছে নয়া দিল্লি।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার (আইএএফ) দুটি সি-১৭ বিমান ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, হিন্ডন এয়ার ফোর্স স্টেশন থেকে ৬০ প্যারা ফিল্ড হাসপাতালের একটি মেডিক্যাল দল ভেনেজুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। এই দলে রয়েছেন ৪১ জন সদস্য। যার মধ্যে রয়েছেন ৯ জন চিকিৎসক। জরুরি চিকিৎসা, ট্রমা কেয়ার, অস্ত্রোপচার এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য দল প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, বুধবার মাত্র এক মিনিটের ব্যবধানে দু’টি জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজ়ুয়েলা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪৩০ মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৬৮,৯০০। এছাড়াও একাধিক বিল্ডিং ও পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর পরি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন যে, ১৪ হাজারেরও বেশি সেনা ও পুলিশ সদস্য ওই এলাকায় টহল দিচ্ছেন; এলাকাটিতে বর্তমানে প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে এবং সেখানে ঢুকতে বিশেষ অনুমতির প্রয়োজন হচ্ছে।
উল্লেখ্য, চারদিকে লাশের সারি। হাহাকার। কেউ কেউ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ওপর চড়ে স্বজনদের নাম ধরে ডাকছিলেন, যদি প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়—এই আশায়। উপকূলীয় জনপদগুলো ধুলোর আস্তরণে ঢাকা পড়েছিল। তীব্র গরমের মধ্যেও পচনশীল লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *